পিডব্লিউডির কাজে নজরদারি, দুটি কমিটি তৈরি করল স্বাস্থ্য দফতর
রফিকুল জামাদার
প্রতি বছর স্বাস্থ্য দফতরের একাধিক কাজ পূর্ত দফতরের মাধ্যমে করা হয়। সেই কাজ যাতে সঠিকভাবে সম্পন্ন হয় ও কাজের মান যাতে ভাল হয় তার জন্য দুটি পৃথক কমিটি তৈরি করল স্বাস্থ্য দফতর।
শুক্রবার একটি নির্দেশিকা জারি করে এই কথা জানানো হয়
শেষ আপডেট: 2 October 2020 11:03
রফিকুল জামাদার
প্রতি বছর স্বাস্থ্য দফতরের একাধিক কাজ পূর্ত দফতরের মাধ্যমে করা হয়। সেই কাজ যাতে সঠিকভাবে সম্পন্ন হয় ও কাজের মান যাতে ভাল হয় তার জন্য দুটি পৃথক কমিটি তৈরি করল স্বাস্থ্য দফতর।
শুক্রবার একটি নির্দেশিকা জারি করে এই কথা জানানো হয়েছে স্বাস্থ্য দফতরের তরফে। এই নির্দেশিকায় বলা হয়েছে, প্রতি বছর স্বাস্থ্য দফতরের তরফে প্রচুর প্রকল্পের উদ্যোগ নেওয়া হয় যার কাজ পূর্ত দফতরকে শেষ করতে হয়। এই প্রকল্পগুলির কাজের মান যাতে ভাল হয় তার জন্যই দুটি কমিটি গঠন করা হয়েছে। একটি কমিটি কলকাতার জন্য ও আর একটি কমিটি বাকি জেলাগুলিতে কাজের দিকে নজরদারি চালাবে বলে জানানো হয়েছে।
স্বাস্থ্য দফতরের তরফে জারি এই নির্দেশিকায় বলা হয়েছে, কলকাতা বাদে বাকি জেলাগুলির জন্য যে কমিটি গঠন করা হয়েছে, তাতে সংশ্লিষ্ট জেলাশাসকের প্রতিনিধি, উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক, অ্যাসিস্ট্যান্ট বা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং হাসপাতালের সুপার অথবা মেডিক্যাল কলেজের ভাইস প্রিন্সিপ্যাল থাকবেন। অর্থাৎ এই কমিটিতে সদস্য সংখ্যা হবে মোট চারজন।
অন্যদিকে কলকাতার জন্য যে কমিটি গঠন করা হয়েছে তাতে মোট তিনজন সদস্য থাকবেন বলে জানানো হয়েছে। তাঁদের মধ্যে স্বাস্থ্য দফতরের এক ইঞ্জিনিয়ার, মেডিক্যাল সুপারিন্টেন্ডেন্ট কাম ভাইস প্রিন্সিপ্যাল এবং ডাঃ তন্ময় কান্তি গোস্বামী নামের এক আধিকারিককে দায়িত্ব দেওয়া হয়েছে।

এই কমিটিগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য দফতরের যে সব প্রকল্পের কাজ এই মুহূর্তে পূর্ত দফতর করছে সেখানে গিয়ে কাজ খতিয়ে দেখতে। যদি সেই কাজে কোনও গাফিলতি ধরা পড়ে তাহলে সঙ্গে সঙ্গে তার ছবি তুলে স্বাস্থ্য দফতরকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।
কমিটিগুলিকে এও নির্দেশ দেওয়া হয়েছে, যদি সম্পূর্ণ কাজ হয়ে যাওয়া কোনও প্রকল্পের ক্ষেত্রেও কোনও বড় গাফিলতি তাঁদের চোখে পড়ে, তাহলে সেই ছবি তুলেও সঙ্গে সঙ্গে তা স্বাস্থ্য দফতরকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। কাজ খতিয়ে দেখার সময় সেই কাজের ছবি তুলে নির্দিষ্ট ইমেল অ্যাড্রেসে সেই ছবি পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য দফতরের প্রধান সচিবের অনুমোদিত এই নির্দেশিকায়।
সব কাজ খতিয়ে দেখে ১৫ দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে বলে কমিটিগুলিকে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর।