দ্য ওয়াল ব্যুরো: বর্ধমানের সর্বমঙ্গলাপাড়ায় নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে করোনা-মাস্ক পরানো নিয়ে শুরু হয়েছে বিতর্ক। কেউ যেমন একে সমর্থন করছেন আবার কেউ এর নিন্দাতেও মুখর হয়েছেন।
সর্বমঙ্গলাপাড়ায় নেতাজির আবক্ষ মূর্তিতে মাস্ক পরানোর ছবি ভাইরাল হয়ে গেছে। এর পক্ষে ও বিপক্ষে নানা মতামত আসতে শুরু করেছে। নেতাজি তাঁর রাজনৈতিক জীবনে বেশ কয়েক বার বর্ধমানে এসেছেন। টাউন হলে সভা করেছেন। শোভাযাত্রা করেছেন শহরে। তাঁর এক ভক্ত তাঁর নামে মিষ্টির দোকান করেছেন এই শহরেই। শহরে নেতাজির তিনটি মূর্তি রয়েছে। তার মধ্যে একটি রয়েছে সর্বমঙ্গলাপাড়ায়। কে বা কারা সেই মূর্তির মুখে একটি মাস্ক পরিয়ে দিয়েছে। বিতর্ক তা নিয়েই। একদল এর বিরুদ্ধে। তাঁরা বলছেন দেশবরেণ্য একজন নেতাকে নিয়ে এ ধরণের ছেলেখেলা চলে না। অন্যদিকে কেউ আবার এর সমর্থনেও এগিয়ে এসেছেন। তাঁদের বক্তব্য, “নেতাজি আমাদের প্রেরণা। তাঁর মুখে মাস্ক থাকায় একটা বার্তা দেওয়া যাচ্ছে – এই দুর্যোগে প্রকৃত দেশপ্রেমিকও স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশ মেনে চলছেন।”
লেখক বুলবুল কোনার বলেন, “আমাদের দেশবরেণ্য নেতা সুভাষচন্দ্র বসুর মূর্তিতে যিনিই মাস্ক পরিয়ে থাকুন না কেন এটা একটা বড় বার্তা দিচ্ছে। নেতাজি আমাদের ইহজগতে নেই। তাঁর কায়া না থাকলেও ছায়া আমাদের সঙ্গে রয়েছে। তাঁকে যেন কোনও কিছু স্পর্শ না করে একথা ভেবে যিনি মাস্ক পরিয়ে দিয়েছেন তাঁর প্রতি কৃতজ্ঞতা জানাই।” ইতিহাস গবেষক সর্বজিৎ যশ বলেন, “অনেকেই বলতে চাইছেন যে এটা একটা প্রতীকি ব্যাপার কিন্তু এটা দেখতে খুব খারাপ লাগছে। যাঁরা মনীষী তাঁদের আমরা শ্রদ্ধার চোখে দেখি তাই এই ধরনের কাজ না করাই ভাল বলে মনে করি। করোনার জন্য সতর্কতা প্রয়োজন। নিজেরা মাস্ক পরলেই চলে। মনীষীদের মুখে মাস্ক পরানো ঠিক নয় বলে মনে করি।”
এর আগে মাস্ক পরানোর হয়েছে তবে সেটা দেবতার মূর্তিতে। কখনও শিবের মূর্তিতে মাস্ক পরানো হয়েছে কখনও আবার কালীর মূর্তিতে। তবে মনীষীর মূর্তিতে মাস্ক পরানোর ঘটনা এই প্রথম সামনে এল।