দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে লরি ও মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে শুক্রবার সকালে এক জনের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে মৃতের নাম নূর আলম। বয়স ২৬ বছর। তাঁর বাড়ি কুশমণ্ডি থানার মহাগ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে শুক্রবার সকালে গঙ্গারামপুরের দিক থেকে মোটরবাইক নিয়ে নূর আলম ৫১২ নম্বর জাতীয় সড়ক ধরে বাড়ির দিকে যাচ্ছিলেন। অপরদিকে বুনিয়াদপুরের দিক থেকে একটি মালবোঝাই লরি গঙ্গারামপুরের দিকে আসছিল। সেই সময় গঙ্গারামপুর থানার মহারাজপুর এলাকায় লরি ও মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক আরোহীর। লকডাউন চলায় রাস্তাঘাট এখন ফাঁকা। জরুরি দরকার ছাড়া লোকে বাড়ি থেকে বড় একটা বেরোচ্ছেন না। তাই লরি ও বাইক – দুটি গাড়িই তীব্র গতিতে চলছিল। এজন্যই শেষ মুহূর্তে দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়নি বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।
এলাকার বাসিন্দারাই গঙ্গারামপুর থানায় খবর দেন। দ্রুত ঘটনাস্থলে চলে আসে পুলিশ। মৃতের পরিবারকে জানানো হয় ঘটনার কথা। লরিটিকে পুলিশ আটক করলেও চালক ও খালাসি পলাতক। পুলিশ তাদের খোঁজ শুরু করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।