দ্য ওয়াল ব্যুরো: বাংলা ঝাড়খণ্ড সীমানায় পশ্চিম বর্ধমানের ডুবুডিহিতে বিক্ষোভে আটকে পড়া সাড়ে তিনশোর বেশি শ্রমিক বিক্ষোভ দেখালেন শুক্রবার সকালে। নিজের রাজ্য ঝাড়খণ্ডে ফেরার দাবিতে তাঁদের এই বিক্ষোভ।
তিন দিন ধরে কার্যত কিছু না খেয়ে ঝাড়খণ্ড সীমানায় তাঁরা আটকে রয়েছেন। ঝাড়খণ্ড প্রশাসন তাঁদের নিজের রাজ্যে প্রবেশ করতে দিচ্ছে না বলে অভিযোগ শ্রমিকদের। তাই নিরুপায় হয়ে তাঁরা বিক্ষোভ দেখান। এঁদের বেশ কয়েক জনের বাড়ি আবার বিহারে তবে ঝাড়খণ্ড হয়ে বিহারে যেতে চান তাঁরা। শ্রমিকদের অভিযোগ গত তিন দিন ধরে ঝাড়খণ্ড প্রশাসন তাঁদের আশ্বাস দিলেও কাজের কাজ কিছুই করেনি।
শ্রমিকরা জানিয়েছেন তাঁরা বারবার ঝাড়খণ্ড প্রশাসনের কাছে অনুরোধ করেছেন যাতে তাঁদের নিজেদের রাজ্যে বা জেলায় নিয়ে গিয়ে শারীরিক পরীক্ষা করা হয়। দরকারে তাঁদের ১৪ দিন কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হোক। তাঁদের অভিযোগ সেকথাও শুনছে না ঝাড়খণ্ড প্রশাসন। তাই এদিন বাধ্য হয়ে তাঁরা বিক্ষোভ দেখান।
আটকে পড়া এক শ্রমিক বলেন, “আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কাজ করি। লকডাউনের জেরে এখন আমাদের সব কাজ বন্ধ হয়ে গেছে। যা টাকা ছিল তা দিয়ে এত দিন আমরা চালিয়েছি। এখন টাকা শেষ এবং কাজও বন্ধ। তাই আমরা পায়ে হেঁটে বা সাইকেল নিয়ে নিজেদের বাড়িতে ফিরছিলাম কিন্তু ঝাড়খণ্ড প্রশাসন আমাদের নিজের রাজ্যে ঢুকতে দিচ্ছে না। তিন দিন ধরে আমাদের খাবার দেয়নি ঝাড়খণ্ড প্রশাসন। আমাদের শুধু বলা হচ্ছে ব্যবস্থা করা হচ্ছে কিন্তু তার কিছুই দেখতে পাচ্ছি না। তাই বাধ্য হয়ে আজ আমরা বিক্ষোভ দেখাই। খাবার-দাবার কিছু চাই না। আমাদের অনুরোধ শুধু নিজের রাজ্যে ঢুকতে দেওয়া হোক।” এব্যাপারে ঝাড়খণ্ড প্রশাসনের বক্তব্য জানা সম্ভব হয়নি। আসানসোল দু্র্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি অনিমিত্র দাস জানান ঝাড়খণ্ডের আধিকারিকদের সঙ্গে তাঁর কথা হয়েছে। তারপরেই শ্রমিকদের ফেরানোর ব্যবস্থা করা হয়।
ঝাড়খণ্ড থেকে জানিয়ে দেওয়া হয়েছে উপযুক্ত নথি থাকলে শ্রমিকদের প্রবেশ করতে দেওয়া হবে তবে তাঁদের সাইকেল আনতে দেওয়া হবে না। শ্রমিকরা তাই জলের দরে সাইকেল বিক্রি করে নিজেদের রাজ্যে রওনা হন।