দ্য ওয়াল ব্যুরো: তলিয়ে যাওয়ার ষোলো ঘণ্টারও বেশি সময় পরে বাঁকুড়ার কোতুলপুরের বৈডাঙা গ্রামের কাছে উদ্ধার হল দ্বারকেশ্বর নদে তলিয়ে যাওয়া এক যুবকের দেহ। মৃতের নাম মনোজিৎ মণ্ডল (২৯)।
স্থানীয় সূত্রে খবর, গোগড়া গ্রামের বাসিন্দা মনোজিৎ মণ্ডল একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের গ্রাহক পরিষেবা কেন্দ্রের সঙ্গে যুক্ত ছিলেন। শুক্রবার বিকেলে তিনি বৈডাঙা গ্রামে দ্বারকেশ্বর নদীতে বন্ধুদের সঙ্গে স্নান করতে যান। তিনি সাঁতার জানতেন না। সেই কারণেই ডুবে যান। তিনি তলিয়ে গেছেন বুঝতে পেরে খবর দেওয়া হয় পুলিশে।
স্থানীয় বাসিন্দা সঞ্জিত কেওড়া ও অপু দাস জানান এই ঘাটে তিন বন্ধু স্নান করতে এসেছিলেন। স্নান করার সময় এই দুর্ঘটনা ঘটে। শুক্রবার বিকেল থেকে ওই যুবককে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
প্রথমে গ্রামের মানুষজন নদীতে নেমে মনোজিৎকে খোঁজার চেষ্টা করেন। কিন্তু অনেকক্ষণ চেষ্টা করেও তাঁরা মনোজিৎকে খুঁজে পাননি। তখন অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) গণেশ বিশ্বাস এবং এসডিপিও (বিষ্ণুপুর) প্রিয়ব্রত বক্সীর উদ্যোগে ব্যারাকপুর থেকে ডুবুরি আনা হয়। শনিবার সকালে ডুবুরিরা মৃতদেহ উদ্ধার করেন। মৃতদেহ উদ্ধার করার পরে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।