দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগণাঃ এক বিবাহিত যুবতীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। সম্প্রতি সেই গৃহবধূ অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। তারপরেই সবটা জানাজানি হয়ে যায়। যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন যুবতী। তাঁর অভিযোগ পেয়ে যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম ইন্দ্রলাল দে। তাঁর বয়স ৪৪ বছর। বাড়ি উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া থানার দক্ষিণ বেতপুল এলাকায়। গোবরডাঙ্গা থানার রাজবল্লভপুর থানার সরকারি পুকুর এলাকার এক গৃহবধূর সঙ্গে বেশ কিছুদিন ধরে সম্পর্ক ছিল তাঁর। গৃহবধূর বয়স ৩৫ বছর। জানা গিয়েছে, যুবতীর সঙ্গে দীর্ঘদিন ধরে স্বামীর বনিবনা নেই। সেই সুযোগ নিয়েই তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন তাঁর সঙ্গে সহবাসের অভিযোগ উঠেছে ইন্দ্রলালের বিরুদ্ধে।
সূত্রের খবর, কিছুদিন আগে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন ওই গৃহবধূ। তারপরেই আগের স্বামীর সঙ্গে বিচ্ছেদ নিয়ে ওই যুবককে বিয়ে করতে চান বলে জানান তিনি। কিন্তু বিয়ে করতে অস্বীকার করেন ইন্দ্রলাল। এমনকি বেশ কিছুদিন ধরে যুবতীর সঙ্গে যোগাযোগ রাখা বন্ধ করে দেন তিনি।
এরপরেই পরিবারের লোকেদের সবটা খুলে বলেন ওই গৃহবধূ। তারপরে শুক্রবার বিকেলে হাবড়া থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন ওই গৃহবধূ। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। শুক্রবার রাতেই অভিযুক্ত ইন্দ্রলালকে গ্রেফতার করে পুলিশ।
জানা গিয়েছে, শনিবার দুপুরে ধৃতকে বারাসাত আদালতে তোলা হয়। অন্যদিকে যুবতীর শারীরিক পরীক্ষা করেও দেখা হয়। বহুদিন ধরে স্বামীর সঙ্গে বনিবনা না থাকার ফলেই ইন্দ্রলালের সঙ্গে তিনি জড়িয়ে পড়েন বলে অভিযোগ করেছেন যুবতী। তাঁর একটি ১৩ বছরের মেয়েও রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ইন্দ্রলালের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, শ্লীলতাহানি, প্রতারণার অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।