
শেষ আপডেট: 23 March 2020 08:01
কলকাতায় ইন্টারন্যাশনাল ফ্লাইট আসা নিয়ে এর আগেও উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, কলকাতায় প্রথম যে দুটি পজিটিভ কেস ধরা পড়েছে তাঁরা দু’জনেই বাইরে থেকে সংক্রমণ নিয়ে রাজ্যে এসেছেন। শুধু ফ্লাইট নয়, পশ্চিমবঙ্গে দূরপাল্লার ট্রেন যাতে আর প্রবেশ না করে সেজন্য মুখ্য সচিব রাজীবা সিনহা রেল মন্ত্রককেও চিঠি লিখেছিলেন। বাইরের রাজ্য থেকে বাংলায় এক্সপ্রেস বা মেল ট্রেন ঢোকা অবশ্য এখন বন্ধ হয়ে গিয়েছে। সেই সঙ্গে সংক্রমণ ছড়ানোর আশঙ্কায় বাইরের রাজ্য থেকে বাংলায় বাস আসাও বন্ধ করে দিয়েছে নবান্ন।
বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, কলকাতায় ইন্টারন্যাশনাল ফ্লাইট আসা গতকালই বন্ধ হয়ে গিয়েছে। দুবাই থেকে এমিরেটসের একটি বিমান শেষ এসেছে কলকাতায়। তার পর ওই বিমানের ২০০ জন যাত্রীকেই রাজারহাটে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
এখন প্রশ্ন হল, ঘরোয়া বিমান পরিষেবা কি কেন্দ্র বন্ধ করে দেবে?
এ ব্যাপারে গতকাল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানিয়েছিলেন। কিন্তু কেজরিওয়ালের প্রস্তাব মোদী সরকার খারিজ করে দেয়। ডিরেক্টর জেনারেল অব সিভিল এভিয়েশনের তরফে বলা হয় যে, রবিবার থেকে আপাতত সাত দিন কোনও ইন্টারন্যাশনাল ফ্লাইট ভারতে ঢুকবে না। কিন্তু ডোমেস্টিক ফ্লাইট চলবে।