দ্য ওয়াল ব্যুরো: আজ বাংলার রাজনীতিতে সুপার সোমবার। একদিকে নন্দীগ্রামে দুপুরে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে দক্ষিণ কলকাতায় পদযাত্রা করবেন শুভেন্দু অধিকারী। পরিস্থিতি যখন এমনই টানটান তখন মমতার সভার আগে সারা নন্দীগ্রাম ছেয়ে গেল 'গো ব্যাক' পোস্টারে।
লাইটপোস্ট, দেওয়াল সর্বত্র পোস্টার, 'মমতা ব্যানার্জী গো ব্যাক।' স্বাভাবিক ভাবেই এই পোস্টারে চাঞ্চল্য ছড়িয়েছে। অতীতে কখনও এই জিনিস দেখা যায়নি। তৃণমূলের অভিযোগ, বিজেপির লোকজন এই ঘটনা ঘটিয়েছে। অখিল গিরি বলেছেন, এসব করে দিদির সভার জন প্লাবন আটকানো যাবে না। যদিও পোস্টারে কোনও দল বা সংগঠনের নাম লেখা নেই। পাল্টা বিজেপির বক্তব্য, নন্দীগ্রামের মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে প্রতিবাদ জানালে তাঁরা কী করতে পারেন! এর সঙ্গে বিজেপির কোনও যোগ নেই।
নন্দীগ্রামে দিদির এই সভা হওয়ার কথা ছিল ৭ জানুয়ারি। কিন্তু অখিল গিরি কোভিডে আক্রান্ত হওয়ায় তা পিছিয়ে দেয় তৃণমূল। শুভেন্দু বলেছিলেন, ৭ তারিখ মাননীয়া যা বলবেন ৮ তারিখ ধরে ধরে জবাব দেব। কিন্তু দিদির সভা পিছিয়ে যাওয়ায় শুভেন্দু তথা বিজেপিও কর্মসূচি পিছিয়ে দেয়। আজ মমতার সভার পরে কাল, মঙ্গলবার খেজুরি বিদ্যাপীঠ মাঠে পাল্টা সভা রয়েছে শুভেন্দুর।
পাঁচ বছর পর আজ নন্দীগ্রাম যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হলদি নদীর তীরের এই জনপদে মমতা শেষবার গিয়েছিলেন ২০১৬ সালের জানুয়ারিতে। সেই সভা থেকে মমতা ঘোষণা করে দিয়েছিলেন, বিধানসভা ভোটে সেখানে তিনি প্রার্থী করবেন শুভেন্দু অধিকারীকে (তখন শুভেন্দু তমলুকের সাংসদ)। মন্ত্রী করবেন তাঁকে। পাঁচ বছর পর সেই শুভেন্দুকে মোকাবিলা করতে আজ সোমবার নন্দীগ্রামে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।