দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় এসে চিটফান্ড নিয়ে তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগার পরে পাল্টা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তবে মাঝে ক’দিন থেমে গিয়েছিল চিটফান্ড ইস্যু। কিন্তু ষষ্ঠ দফার ভোটের দিন সেই সারদা ইস্যুকে ফের টানলেন মুখ্যমন্ত্রী। এবং আক্রমণ শানালেন বিজেপি-র বিরুদ্ধে।
রবিবার দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীতে জনসভা করতে গিয়েছিলেন মমতা। সেই সভা থেকেই তিনি সারদা নিয়ে তোপ দাগেন বিজেপি নেতা তথা অসমের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে। তাঁর কথায়, ''মথুরাপুরের প্রতিটা জায়গায় ঢুকছে। মন্দিরবাজার, বাসন্তী, গোসাবায় আসছে হিমন্ত বিশ্বশর্মা। কলকাতার তাজ বেঙ্গলে থাকছেন। সুদীপ্ত সেন নিজে চিঠিতে লিখে বলেছে, ওকে ৩ কোটি টাকা দিয়েছে। সিবিআই তাঁকে গ্রেফতার করতে পারছে না। তাজ বেঙ্গলে রেখে গিয়েছে।''
২০১৬ সালে অসমে বিধানসভা ভোটের আগে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন হিমন্ত বিশ্বশর্মা। অসমে প্রথমবার বিজেপি সরকারের নেপথ্যে অন্যতম কারিগর তিনি। উত্তর-পূর্ব ভারতে বিজেপি জোটের নেতৃত্বও দেন হিমন্ত। সারদা কেলেঙ্কারিতে তাঁর নাম জড়িয়েছিল।
হিমন্ত বিশ্বশর্মা টাকা ছড়িয়ে ভোট কেনার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন মমতা। তাঁর কথায়, ''দক্ষিণ ২৪ পরগনায় কোটি কোটি টাকা নিয়ে ঘুরছে। আয়লায় যখন ভেসে গিয়েছিল, তখন কোথায় ছিল? কোথায় থাকে যখন স্কুল থাকে না, কলেজ থাকে না? বসন্তের কোকিলের মতো কুহু কুহু করে ডাকছে আর টাকা নিয়ে ঘুরছে''। প্রতিমা মণ্ডলের সমর্থনে জনসভা থেকে তৃণমূলনেত্রী বলেন, “ওই টাকা পাপের টাকা। ওই টাকা নিয়ে গোল্লায় যাবেন। ওদের টাকা স্পর্শ করবেন না। পাপ মেশানো আছে। অনেক লোকের কান্না আছে। অনেক লোকের চোখের জল আছে।''
এখন প্রশ্ন হল, নিজেই কেন সারদা প্রসঙ্গ তুললেন মমতা? পর্যবেক্ষকদের মতে, সারদা-সহ চিটফান্ডে যে সব জায়গায় প্রতারিতদের হাহাকার পড়ে গিয়েছিল, তার মধ্যে অন্যতম দক্ষিণ চব্বিশ পরগনা। সে কারণেই ভোটের সময় সারদার সঙ্গে বিজেপি-র নাম জুড়ে দিতে চাইলেন বলে মনে করছেন অনেকে।
মুখ্যমন্ত্রীর এই বক্তব্য নিয়ে এক বিজেপি নেতা বলেন, “সিবিআই তদন্ত করছে সুপ্রিম কোর্টের নির্দেশে। দিদিমণির যা বলার ওখানে গিয়ে বলুন। এখানে বলে লাভ নেই। বাংলার মানুষ জানে, চিটফান্ডের পয়সা কার পরিবার খেয়েছে। কোন দল লুটেছে। উনি ভয়ে এ সব কথা বলছেন।”