কার্নিভালে তাক লাগিয়ে দিয়েছি, পরের পুজোর প্রস্তুতি শুরু করুন এখন থেকেই: মমতা
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যপাল জগদীপ ধনকড় দু’দিন আগেই কার্নিভাল নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন। বলেছিলেন, তাঁকে কার্নিভালে ডেকে নিয়ে গিয়ে অপমান করেছে সরকার। আলাদা মঞ্চে বসিয়ে তাঁকে চার ঘণ্টা ধরে কোণঠাস
শেষ আপডেট: 17 October 2019 12:10
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যপাল জগদীপ ধনকড় দু’দিন আগেই কার্নিভাল নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন। বলেছিলেন, তাঁকে কার্নিভালে ডেকে নিয়ে গিয়ে অপমান করেছে সরকার। আলাদা মঞ্চে বসিয়ে তাঁকে চার ঘণ্টা ধরে কোণঠাসা করে রাখা হয়েছিল। রাজ্যের সাংবিধানিক প্রধান এও বলেছিলেন, “বাংলার মানুষ দেখেছে রাজ্যের প্রথম নাগরিকের সঙ্গে কী আচরণ করা হয়েছে।” বৃহস্পতিবার বিশ্ববাংলা শারদ সম্মান অনুষ্ঠানে সেটাকেই যেন উড়িয়ে দিতে চাইলেন মুখ্যমন্ত্রী। নবান্ন সভাঘরে এ দিন মুখ্যমন্ত্রী বলেন, “চার বছর ধরে যে ভাবে এখানে কার্নিভাল হচ্ছে তাতে তাক লাগিয়ে দিয়েছি। এ কথা বলতে গেলেই আমার গায়ে কাঁটা দেয়।”
মমতা আরও বলেন, “আমরা সবাই মিলে চেষ্টা করলে সব পারি।” আগামী বছরের পুজোর প্রস্তুতি এখন থেকেই শুরু করার নির্দেশ দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। বলেন, “সামনের বার আরও ভাল ভাবে কী করে করা যায় ভাবতে শুরু করুন।”
এ দিন নাম না করে রাজভবনের দিকেই তোপ দাগেন মুখ্যমন্ত্রী। বলেন, “আমি সমালোচনাকে গ্রহণ করি। সেটা যদি আলোচনার মধ্যে দিয়ে হয়। আমি ন্যারেটিভকে মানি না। নেতিবাচক কোনও কিছুকে আমি বিশ্বাস করি না।” এ প্রসঙ্গে পেয়ারাবাগানের বাটাম ক্লাব আর চেতলার কোলাহল ক্লাবের উদাহরণ দেন মমতা। বলেন, “দেখবেন গিয়ে বাটাম ক্লাবের পুজো। কী সুন্দর করে ওরা। কোলাহল ক্লাবও তাই। বিউটিফুল করে। বড় ক্লাবের থেকে কম যায় না। ছোট ক্লাব বলে দেখব না এটা হয় না। ‘এ’-র চোখ দিয়ে ‘এ’-কে দেখতে হবে, ‘বি’-র চোখ দিয়ে ‘বি’কে। ‘সি’-র চোখ দিয়ে ‘ডি’কে দেখলে হবে না আবার ‘ডি’-র চোখ দিয়ে ‘এফ’কে দেখলে হবে না।
মুখ্যমন্ত্রী এ দিন আরও বলেন, “ইউনেসকো এই কার্নিভালকে স্বীকৃতি দিয়েছে। একদিন সারা পৃথিবী বলবে বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আমি মায়ের কাছে একটাই প্রার্থনা করি, মাগো তুমি একটু করে এগিয়ে দাও।”
পড়ুন, দ্য ওয়ালের পুজোসংখ্যার বিশেষ লেখা…