
শেষ আপডেট: 25 July 2020 11:07
হেনস্থা করা হচ্ছে সিভিক ভলান্টিয়ারকে।[/caption]
শহরের বেশ কয়েকটি জায়গায় লাঠিচার্জ করে পুলিশ। তার পাশাপাশি লকডাউন ভেঙে যারা রাস্তায় বেরিয়ে ছিল তাদের আটক করে। মালদহ শহরের রথবাড়ি এলাকায় এদিন পথে নেমেছিল অটো ও টোটো। পুলিশ সেই গাড়িগুলিকেও আটক করে। শহরের সবচেয়ে বড় দুটি বাজার চিত্তরঞ্জন মার্কেট ও নেতাজি মার্কেটে পুলিশ অভিযান করে।
রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলায় রাজ্য সরকারের নির্দেশে বৃহস্পতিবারের পরে শনিবারই ছিল দ্বিতীয় লক ডাউন। তা যাতে সফল হয় সে জন্য এদিন সকাল থেকেই মালদহ শহরের রথবাড়ি, মকদমপুর, বাঁধ রোড সহ বিভিন্ন এলাকায় লাঠি হাতে অভিযান চালাতে দেখা যায় ইংরেজবাজার থানার পুলিশকে। সকাল থেকেই শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা ছিল শুনশান। বন্ধ ছিল শহর ও গ্রামাঞ্চলের সমস্ত বাজার ও হাট। দোকানপাটও সম্পূর্ণ ভাবে বন্ধ ছিল।
গ্রামীণ এলাকাতেও পুলিশের কড়া নজরদারি ছিল। মালদহের মানিকচক এলাকায় বিভিন্ন বাজার ও রাস্তায় টহল দিতে দেখা যায় মানিকচক থানার পুলিশকে। বিভিন্ন জায়গায় নাকা চেকিংয়ের ব্যবস্থা করা হয়। রতুয়া থানার পুলিশের পক্ষ থেকে মালদহ-রতুয়া রাজ্য সড়কে নাকা চেকিং করা হয়। চাঁচল মহকুমা, গাজল, হবিবপুর এবং কালিয়াচকেও এদিন সক্রিয় ছিল পুলিশ। বিভিন্ন জায়গায় ড্রোন দিয়ে নজরদারি চালানো হয়।
রাজ্য সরকারের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী মালদহ জেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৯৯৩ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৪৯৬ জন। তবে ৪৯০ জন এখনও করোনা পজিটিভ। গত চব্বিশ ঘণ্টায় জেলায় ২২ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে নয় জনের।
জেলার ইংরেজবাজার পুরসভা, মালদহ পুরসভা, কালিয়াচক ২ নম্বর ব্লক এবং কালিয়াচক ১ নম্বর ব্লকের আলিপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বড় অংশকে ‘ব্রড বেসড কন্টেনমেন্ট জোন’ হিসাবে ঘোষণা করেছে প্রশাসন। সরকারি নিয়ম অনুযায়ী এই সব জায়গায় লকডাউন চলছে।