দ্য ওয়াল ব্যুরো: মালদহের কালিয়াচক থানার রাজনগর এলাকার কানাইনগর স্ট্যান্ডের কাছে প্রকাশ্য রাস্তায় দুষ্কৃতীদের গুলিতে আহত হলেন একজন মহিলা ও একজন বৃদ্ধ। বুধবার বিকেল চারটে নাগাদ ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় অভিযুক্ত দুলাল মণ্ডল ও নিত্য মণ্ডলের বিরুদ্ধে আহতের পরিবারের পক্ষ থেকে কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক। অভিযুক্তদের শাস্তির দাবিতে এদিন বিক্ষোভ দেখান কানাইনগর এলাকার বাসিন্দারা।
পুলিশ সূত্রে জানা গেছে, আহত বৃদ্ধের নাম নিবারণ সাহা, তাঁর বয়স ষাট বছর। আহত মহিলার নাম শেফালি মণ্ডল, তাঁর বয়স চল্লিশ বছর। তাঁরা তাঁদের নিজেদের বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। সেই সময় মাস্কেট থেকে একটি গুলি অতর্কিতে নিবারণ সাহার ডান হাতের কব্জিতে গিয়ে লাগে। পাশাপাশি ওই মাসকেটের ছররা গুলিতে আহত হন শেফালি মণ্ডল।
এই ঘটনার পরেই এলাকায় হইচই পড়ে যায়। প্রকাশ্য রাস্তায় অভিযুক্তদের এভাবে গুলি চালানোর ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওঠেন গ্রামবাসীরা। পরিস্থিতি বেগতিক দেখে অভিযুক্তরা এলাকা থেকে পালিয়ে যায় বলে অভিযোগ।
মেডিক্যাল কলেজের চিকিৎসকরা জানিয়েছেন, নিবারণ সাহার ডান হাতের কব্জিতে গুলি লেগেছে। শেফালি মণ্ডলের বাঁ হাতে ছররা গুলির আঘাত রয়েছে। তাঁদের চিকিৎসা চলছে যথাক্রমে মেডিক্যাল কলেজের মেল ও ফিমেল সার্জিক্যাল বিভাগে।
আক্রান্ত নিবারণ সাহার ছেলে রাজকুমার সাহা পুলিশকে অভিযোগে জানিয়েছেন, এদিন বিকালে কানাইনগর স্ট্যান্ডের সামনে দুলাল মণ্ডল ও নিত্য মণ্ডল একটি মাস্কেট নিয়ে ঘোরাঘুরি করছিল। হঠাৎ ওই দুজনের মধ্যে বন্দুক থেকে গুলি ছোড়া নিয়ে কোনও টানাপোড়েন শুরু হয়। দু’জনে মিলে একটি মাস্কেট নিয়ে টানাটানি শুরু করে। এতে হঠাৎ ট্রিগারে চাপ পড়ে যায়। তখনই গুলি গিয়ে লাগে তাঁর বাবার ডান হাতে। গুলিতে আহত হন শেফালি মণ্ডলও।
স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ, দুলাল মণ্ডল ও নিত্য মণ্ডল এলাকার দাগি সমাজবিরোধী হিসাবে পরিচিত। এদিন তারা দুপুর থেকেই প্রকাশ্য রাস্তায় একটি মাস্কেট নিয়ে ঘোরাঘুরি করছিল। তারপর দু’জনের মধ্যেই শূন্যে গুলি ছোড়া নিয়ে শুরু হয় তর্কাতর্কি। একে অপরের কাছ থেকে বন্দুক কাড়াকাড়ি করতে গিয়ে গুলি চালানোর ঘটনাটি ঘটেছে। প্রকাশ্যে দুষ্কৃতীদের এই ধরনের দৌরাত্ম্য নিয়ে অভিযোগ তুলেছেন স্থানীয় গ্রামবাসীরা। অভিযুক্তদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।
কালিয়াচক থানার পুলিশ জানিয়েছে, এই ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে, অভিযুক্ত ওই দু’জন এলাকা থেকে পালিয়ে গেছে। তাদের খোঁজ করা হচ্ছে।