দ্য ওয়াল ব্যুরো: উত্তরবঙ্গ থেকে মেধা তালিকায় শীর্ষ স্থান অধিকার করল দক্ষিণ দিনাজপুরের বংশীহারি হাইস্কুলের অঙ্কিত সরকার। ৬৮৮ নম্বর পেয়ে এ বারের মাধ্যমিক পরীক্ষার মেধা তালিকায় রাজ্যে সে পঞ্চম স্থান অধিকার করেছে। বংশীহারি হাইস্কুলের শিক্ষক বিদ্যুৎ পাল মজুমদার বলেন, “অঙ্কিত যে ভাল ফল করবে তা আমরা জানতাম। দু’বছর আগে স্কুলের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে আমি ঘোষণা করেছিলাম যে ২০২০ সালের মাধ্যমিকের মেধা তালিকায় অঙ্কিত জায়গা করে নেবে। তখন ও খুব লজ্জা পেয়েছিল। ও কথা রেখেছে। ওকে দেখে স্কুলের আরও অনেকে উদ্বুদ্ধ হবে। তারাও ভাল ফল করার চেষ্টা করবে। অঙ্কিত অনেক উন্নতি করবে।” অঙ্কিত ডাক্তার হতে চায়।
শিলিগুড়ি গার্লস হাই স্কুলের রিঙ্কি ঘটক উত্তরবঙ্গ থেকে ছাত্রীদের মধ্যে প্রথম হয়েছে। তার প্রাপ্ত নম্বর ৬৮৭। রাজ্যে সে ষষ্ঠ স্থানে রয়েছে।
এ বারের মাধ্যমিকের মেধা তালিকায় উত্তর দিনাজপুরের সুনৃত সিংহ ষষ্ঠ স্থান অধিকার করেছে। তার প্রাপ্ত নম্বর ৬৮৭। সে রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের ছাত্র। মেধা তালিকায় সে রয়েছে রিঙ্কি ঘটকের সঙ্গে একই পংক্তিতে।
মেধা তালিকায় সপ্তম স্থানে রয়েছে উত্তরবঙ্গ থেকে তিন জনের নাম। কোচবিহারের করণ দত্ত ৬৮৬ নম্বর পেয়ে মাধ্যমিকে সপ্তম স্থান অধিকার করেছে। সে মণীন্দ্রনাথ হাইস্কুলের ছাত্র। জেলার গোপালনগর হাইস্কুলের ঋতম বর্মনও সপ্তম স্থানে রয়েছে। মেধা তালিকায় একই পংক্তিতে জায়গা করে নিয়েছে মালদা জেলা হাইস্কুলের সোহান তামাংও।
অষ্টম স্থানেও রয়েছে উত্তরবঙ্গ থেকে তিন জনের নাম। জলপাইগুড়ি জেলা স্কুলের বরুণাদিত্য সাহা, মালদহের এইচ এম এ এম হাইস্কুলের নাজনিন আজাদ এবং মালদহেরই সিহোল হাইস্কুলের মহম্মদ তাহেনুজ্জামান। তাদের প্রত্যেকের প্রাপ্ত নম্বর ৬৮৫। মাধ্যমিকে নবম স্থান অধিকার করেছে জলপাইগুড়ির সুনীতিবালা সদর গার্লস হাইস্কুলের শ্রেয়া সরকার। সে পেয়েছে ৬৮৪ নম্বর। তার সঙ্গে একই পংক্তিতে রয়েছে মালদহের বার্লো গার্লস হাইস্কুলের অঙ্কিতা মণ্ডলের নাম।
৬৮৩ নম্বর পেয়ে মেধা তালিকায় দশম স্থানে রয়েছে উত্তরবঙ্গ থেকে পাঁচ জন। তাদের মধ্যে শুধু মালদহের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরেরই তিন জনের নাম রয়েছে। তারা হল অয়ন শেঠ, দেবাঞ্জন দে ও সায়ন কর্মকার। তাদের সঙ্গে একই সারিতে রয়েছে কোচবিহারের মহারানি ইন্দিরা দেবী বালিকা বিদ্যালয়ের সম্প্রীতি রায় এবং দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট গার্লস হাইস্কুলের রূপসা সাহা।