দ্য ওয়াল ব্যুরো: উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার আরবেলিয়া কর্মক্ষেত্রে কোয়ারান্টাইন কেন্দ্র গড়তে গিয়ে এবার এলাকাবাসীদের বিক্ষোভের মুখে পড়ল প্রশাসন। বসিরহাট মহকুমার বাদুড়িয়া পুরসভার আট নম্বর ওয়ার্ডের আরবেলিয়া বেনেপাড়ার কর্মতীর্থের বাইরে এলাকার লোকজন বিক্ষোভ দেখান।
আরবেলিয়া কর্মতীর্থে ২০ শয্যার কোয়ারান্টাইন সেন্টার গড়া হচ্ছে। এ খবর গ্রামবাসীদের কানে পৌঁছতেই কর্মতীর্থের মূল ফটকে বিক্ষোভে ফেটে পড়েন পুরবাসীরা। তাঁরা বলতে থাকেন, “অবিলম্বে এখান থেকে সেন্টার তুলে নিয়ে যেতে হবে। বহিরাগতদের আমরা এলাকায় ঢুকতে দেব না।” বেশ কয়েক ঘণ্টা ধরে বিক্ষোভ চলে ওই সেন্টারের বাইরে। ঘটনাস্থলে যায় বাদুড়িয়া থানার পুলিশ। বাদুড়িয়া পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুধাংশু মণ্ডল ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীদের বোঝাতে শুরু করেন। পরে পুলিশের সঙ্গে এলাকার লোকজন কথা বলেন। বাইরের কাউকে এলাকায় আনা হবে না এই আশ্বাস পুলিশের পক্ষ থেকে দেওয়া হলে বিক্ষোভ উঠে যায়।
স্থানীয় বাসিন্দা লালটু বিশ্বাস বলেন, “আমরা ভুল বুঝেছিলাম। আমরা ভেবেছিলাম করোনা আক্রান্ত রোগীকে এই কর্মতীর্থে রাখা হবে। এ থেকেই এলাকার লোকজন শঙ্কিত হয়ে পড়েন। পরে বুঝতে পারি এখানে তেমন কিছু হচ্ছে না।”
প্রশাসনের পক্ষ থেকে তাঁদের জানানো হয় যে, যাঁরা বাইরে থেকে বাদুড়িয়ায় আসবেন তাঁদের এখানে কিছু দিন রাখা হবে। এখানে আলো ও পাখা রয়েছে বলে এই জায়গাকে বেছে নেওয়া হয়েছে। তাঁদের বোঝান হয় যে কোভিড হাসপাতালের সঙ্গে এই কোয়ান্টাইন সেন্টারের পার্থক্য কী। এই পুর এলাকার কেউ যদি করোনাভাইরাসের লক্ষণ নিয়ে বাইরে থেকে আসেন তখন তাঁদের বাড়িতে না রেখে এখানে আলাদা করে রাখা হবে। এখানে কোনও হাসপাতাল তৈরি করা হচ্ছে না।