
শেষ আপডেট: 16 October 2020 09:09
স্থানীয়দের অভিযোগ, গতকাল রাতে এলাকারই একটি ক্লাবের কয়েকজন সদস্য মিলে পার্টি করছিল। এদিকে রাজ্যে করোনা আবহে আতঙ্ক বেড়েই চলেছে। তার মধ্যে ভিড় করে চলছিল হই-হুল্লোড়। পার্টি চলাকালীন ক্লাবের ওই সদস্যরা প্রচুর মদ্যপান করে বলে অভিযোগ। তাদের বারণ করায় উল্টে এলাকাবাসীর উপর চড়াও হয় মত্ত যুবকের দল। স্থানীয়দের অভিযোগ, হামলাকারীরা সকলেই শাসক দলের সদস্য। গন্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশবাহিনী। অভিযোগ তারাও এসে এলাকাবাসীকেই হেনস্থা করেছে। তাদের মারধর থেকে বাদ যাননি এলাকার মহিলারাও।
ক্রমশ পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে অশান্তির পারদ পৌঁছয় চরমে। এলাকার ক্লাবের ঝামেলায় রাজনৈতিক রঙ লাগতেও সময় লাগেনি। রাজারবাগান এলাকার স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ক্লাবের যে সব সদস্য তৃণমূল কংগ্রেস করে তারা বেছে বেছে এলাকার বিজেপি করা পরিবারগুলির উপর হামলা চালাচ্ছে। এই একই অভিযোগ করেছে স্থানীয় বিজেপি নেতৃত্বও। তাদের অভিযোগ, শাসক দল ও প্রশাসনের যৌথ মদতে এই হামলা চলছে। শুধু তাই নয় ক্লাবের মদ্যপ যুবকদের পাশাপাশি পুলিশের বিরুদ্ধেও অত্যাচারের অভিযোগ এনেছেন এলাকাবাসী। গতকাল রাতে এলাকার বেশ কয়েকটি বাড়িতে ঢুকে হামলা চালায় মদ্যপ যুবকের দল। ভেঙে দেওয়া হয় বাড়ির জিনিসপত্র। আহত হয়েছেন বেশ কয়েকজন। সংঘর্ষের মাঝে পড়ে মাথাও ফেটে গিয়েছে কয়েকজনের।
গতকাল রাতে পরিস্থিতি সামাল দেওয়া গেলেও এখনও থমথমে রয়েছে এলাকা। আতঙ্কিত রয়েছেন এলাকার সাধারণ মানুষ। এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে টহল দিচ্ছে পুলিশ। অভিযুক্তদের ধরতে শুরু হয়েছে তদন্ত।