দিঘায় ব্যবসায়ীর করোনা, অনির্দিষ্ট কালের জন্য বন্ধ রাখা হল নেহরু মার্কেট
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: দিঘাতে এই প্রথম কোনও করোনা পজিটিভ রোগীর সন্ধান পাওয়া গেল। আজ শনিবার ওল্ড দিঘার নেহরু মার্কেটের এক কাপড় ব্যবসায়ীর শরীরে করোনা ধরা পড়ে। করোনা আক্রান্ত অবস্থাতেই তিনি দোকান খুলেছিলেন। কিন্তু আজ শনিবার সকালে ন
শেষ আপডেট: 18 July 2020 14:15
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: দিঘাতে এই প্রথম কোনও করোনা পজিটিভ রোগীর সন্ধান পাওয়া গেল। আজ শনিবার ওল্ড দিঘার নেহরু মার্কেটের এক কাপড় ব্যবসায়ীর শরীরে করোনা ধরা পড়ে। করোনা আক্রান্ত অবস্থাতেই তিনি দোকান খুলেছিলেন। কিন্তু আজ শনিবার সকালে নেহরু মার্কেটের ব্যবসায়ী সমিতির কাছে তিনি সমস্যার কথা জানান। তারপরে চণ্ডীপুরে পূর্ব মেদিনীপুর জেলার কোভিড-১৯ হাসপাতালে ওই ব্যবসায়ীকে সরকারি গাড়ি করে নিয়ে যাওয়া হয় দিঘা থেকে।
অসুস্থ হয়ে পড়ার পরেও কাজের সূত্রে ওই ব্যবসায়ী বহু মানুষের সংস্পর্শে এসেছেন। তাই তাঁর সংক্রমণ ধরা পড়ায় দিঘা এলাকার বাসিন্দারা আতঙ্কিত। আতঙ্কে ব্যবসায়ীরাও।
ওই ব্যবসায়ীর বাড়ি দিঘা সংলগ্ন খাদাল গোবরা গ্রামে। সেই গ্রামেও অজান্তে তিনি বহু মানুষের সঙ্গে মেলামেশা করেছেন। তাই সেই এলাকার লোকজন খুব উদ্বেগে। প্রশাসনিক ভাবে তাঁর বাড়ি সিল করে দেওয়া হয়েছে। এলাকাটিকে কন্টেনমেন্ট জোন বলে ঘোষণা করা হয়েছে। বাড়ির আশপাশ স্যানিটাইজ করা হয়েছে। পরিবারের সদস্যদের সোয়াব টেস্ট করা হবে।
[caption id="attachment_241491" align="aligncenter" width="1065"]

এলাকায় চলছে মাইকিং।[/caption]
দিঘার নেহরু মার্কেট অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করার কথা ঘোষণা করা হয়েছে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে। এলাকা সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে তিনি কলকাতায় গিয়েছিলেন কাপড় আনতে। হয়তো সেখান থেকে তিনি সংক্রামিত হয়ে থাকতে পারেন।
ব্যবসায়ী সমিতির প্রধান সম্পাদক সুশীল প্রধান বলেন, “উনি কলকাতায় কাপড়ের ব্যবসা করেন। ব্যবসা সূত্রে কলকাতায় বহু বার যাতায়াত করেছেন। সেই কারণে হয়তো করোনা সংক্রমণ হতে পারে। আগাম সতর্কতা হিসাবে বাজার বন্ধ রাখছি। প্রশাসনের নির্দেশ পেলে আমরা ফের বাজার খুলব।”
ব্যবসায়ী সমিতির সভাপতি পার্থসখা জানা বলেন, “উনি যে কোভিড পজিটিভ সে কথা উনি সকাল থেকে জানতেন। সকালেই প্রশাসন ওঁকে ফোনে জানিয়েছে। উনি প্রশাসনকে মিসগাইড করেছেন। সব জেনেও দোকান খুলেছেন। দোকানে কত জনের সংস্পর্শে এসেছেন তা জানার চেষ্টা করা হচ্ছে।”
পদিমা ২ নম্বর অঞ্চলের উপপ্রধান উত্তম দাস বলেন, “দিঘাতে এত দিন করোনা ছিল না। এই প্রথম করোনা ধরা পড়ল। প্রশাসনিক ভাবে স্যানিটাইজ করা থেকে শুরু করে সব রকম ব্যবস্থা চলছে।”
রাজ্য সরকারের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী পূর্ব মেদিনীপুর জেলায় এ পর্যন্ত করোনায় সংক্রামিত হয়েছেন ৭৩৩ জন। তার মধ্যে ৪৩৮ জন সুস্থ হয়ে উঠেছেন। মৃত্যু হয়েছে নয় জনের। এখন করোনা অ্যাক্টিভের সংখ্যা ২৮৬।