কাল থেকে চলবে ট্রেন, জানুন রাজ্যে কোন কোন এক্সপ্রেস
দ্য ওয়াল ব্যুরো: লকডাউনের মেয়াদ আগামী ৩০ জুন পর্যন্ত বাড়িয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। যদিও বেশ কিছু পরিষেবায় ছাড় দেওয়া হয়েছে। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, এই পর্যায়ের নাম 'আনলকডাউন ফেজ ১'। পরিবহণে বেশ কিছু ছাড় দেওয়া হয়েছে। অন্তর্দেশীয়
শেষ আপডেট: 31 May 2020 13:19
দ্য ওয়াল ব্যুরো: লকডাউনের মেয়াদ আগামী ৩০ জুন পর্যন্ত বাড়িয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। যদিও বেশ কিছু পরিষেবায় ছাড় দেওয়া হয়েছে। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, এই পর্যায়ের নাম 'আনলকডাউন ফেজ ১'। পরিবহণে বেশ কিছু ছাড় দেওয়া হয়েছে। অন্তর্দেশীয় বিমান পরিষেবার পরে এবার শুরু হচ্ছে ট্রেন পরিষেবাও।
গত ১২ মে থেকে দেশজুড়ে ১৫ জোড়া ট্রেন চালানো শুরু করেছিল রেলমন্ত্রক। ১ জুন অর্থাৎ আগামীকাল, সোমবার থেকে তা বাড়িয়ে ২০০ করা হয়েছে। রেলমন্ত্রক জানিয়েছে, এই ২০০ ট্রেন চলাচল শুরু হলে বিভিন্ন রাজ্যে বা রাজ্যের মধ্যে বিভিন্ন জায়গায় আটকে থাকা ব্যক্তিদের সমস্যার সমাধান হবে। এই ২০০ ট্রেনের মধ্যে এই রাজ্যেও রয়েছে একগুচ্ছ ট্রেন।
আগামীকাল থেকে ট্রেন চলাচল শুরু হলেও অবশ্য শুধুমাত্র যাঁরা টিকিট সংরক্ষণ করবেন, তাঁরাই যাতায়াত করতে পারবেন। ট্রেনের যাত্রাপথে হল্টের সংখ্যাও কমানো হয়েছে। অর্থাৎ সব স্টেশনে ট্রেন থামবে না। শুধুমাত্র নির্দিষ্ট কিছু বড় স্টেশনেই ট্রেন থামবে। সংরক্ষণ ছাড়া যাতায়াত নেই মানে কোনও ট্রেনে জেনারেল কামরা নেই। সব ট্রেনে স্লিপার ও এসি কোচ থাকবে।
এই রাজ্যে মূলত পূর্ব রেল, দক্ষিণ-পূর্ব রেল, উত্তর-পূর্ব রেল, দক্ষিণ মধ্য রেল ও পূর্ব- মধ্য রেলের ট্রেন চলাচল করবে। হাওড়া, শিয়ালদহ, কলকাতা, শালিমার ও নিউ আলিপুরদুয়ার, এই কয়েকটি স্টেশন থেকে ট্রেন ছাড়বে ও ট্রেন আসবে।
আগামীকাল থেকে যে যে ট্রেন শুরু হচ্ছে রাজ্য তার তালিকা
- হাওড়া - ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস - দক্ষিণ পূর্ব রেল - সপ্তাহে প্রতিদিন
- হাওড়া - পটনা জনশতাব্দী এক্সপ্রেস - পূর্ব মধ্য রেল - সপ্তাহে ৬ দিন
- হাওড়া - বারবিল জনশতাব্দী এক্সপ্রেস - দক্ষিণ পূর্ব রেল - সপ্তাহে প্রতিদিন
- হাওড়া - যশবন্তপুর দুরন্ত এক্সপ্রেস - দক্ষিণ পূর্ব রেল - সপ্তাহে ৫ দিন
- হাওড়া - সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেস - দক্ষিণ মধ্য রেল - সপ্তাহে প্রতিদিন
- হাওড়া - মুম্বই মেল - দক্ষিণ পূর্ব রেল - সপ্তাহে প্রতিদিন
- হাওড়া - নিউ দিল্লি পূর্বা এক্সপ্রেস - পূর্ব রেল - সপ্তাহে প্রতিদিন
- হাওড়া - যোধপুর এক্সপ্রেস - পূর্ব রেল - সপ্তাহে প্রতিদিন
- শিয়ালদহ -পুরী দুরন্ত এক্সপ্রেস - পূর্ব রেল - সপ্তাহে ৩ দিন
- শিয়ালদহ - নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস - পূর্ব রেল - সপ্তাহে প্রতিদিন
- শালিমার - পটনা দুরন্ত এক্সপ্রেস - দক্ষিণ পূর্ব রেল - সপ্তাহে ৩ দিন
- অমৃতসর - কলকাতা এক্সপ্রেস - পূর্ব রেল - সপ্তাহে দু'দিন
- আহমদাবাদ - হাওড়া এক্সপ্রেস - দক্ষিণ পূর্ব রেল - সপ্তাহে প্রতিদিন
- দিল্লি - নিউ আলিপুরদুয়ার মহানন্দা এক্সপ্রেস - উত্তর পূর্ব রেল - সপ্তাহে প্রতিদিন
ট্রেনে যাতায়াত করতে হলে অবশ্য বেশ কিছু নির্দেশিকা মানতে হবে যাত্রীদের। রেলের তরফে সে কথাও জানিয়ে দেওয়া হয়েছে। এমনকি টিকিট বুক করার সময়ও আইআরসিটিসি-র ওয়েবসাইটে এই নির্দেশিকা দেখানো হচ্ছে। সেগুলি হল-
- শুধুমাত্র যেসব যাত্রী টিকিট সংরক্ষণ করেছেন, তাঁরাই স্টেশনে আসবেন। টিকিট সংরক্ষণ না হলে স্টেশনে কাউকে ঢুকতে দেওয়া হবে না। যাত্রী ছাড়া পরিবারের অন্য কেউ বা বন্ধু-বান্ধবকে স্টেশনে ঢুকতে দেওয়া হবে না।
- আসন ফাঁকা থাকলেও কেউ সেখানে বসতে পারবেন না। কোনও ট্রেনে আসন ফাঁকা থাকলে তার আগে যাঁদের টিকিট ওয়েটিং লিস্ট বা আরএসি ছিল, তাঁদের টিকিট কনফার্ম করা হবে।
- ট্রেন ছাড়ার অন্তত দেড় ঘণ্টা আগে যাত্রীদের স্টেশনে আসতে হবে। প্রথমে তাঁদের থার্মাল স্ক্রিনিং ও অন্যান্য শারীরিক পরীক্ষা করা হবে। যাঁদের উপসর্গ নেই, তাঁদেরই শুধুমাত্র ট্রেনে ওঠার অনুমতি দেওয়া হবে।
- যাত্রীদের মাস্ক পরা বাধ্যতামূলক। সঙ্গে স্যানিটাইজার রাখতে হবে। এছাড়া প্রত্যেকের ফোনে আরোগ্য সেতু অ্যাপ ইনস্টল থাকা বাধ্যতামূলক।
- এসি কামরায় বালিশ, চাদর বা কম্বল দেওয়া হবে না। যাত্রীদের নিজেদেরকেই তা আনতে হবে। এছাড়া শুধুমাত্র চা-কফি ও পানীয় জল ছাড়া কোনও খাবার ট্রেনে পাওয়া যাবে না। তাই যাত্রীদের নিজেদের খাবার সঙ্গে করে আনতে বলা হয়েছে।