দ্য ওয়াল ব্যুরো: পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি করতে এবার সাইকেল চালিয়ে হাওড়া থেকে সুন্দরবন যাবেন রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী লক্ষ্মীরতন শুক্ল। এইজন্য রীতিমতো অনুশীলন শুরু করেছেন বাংলার এই প্রাক্তন ক্রিকেট অধিনায়ক।
আগামীকাল প্রতিবন্ধী দিবস। সেই উপলক্ষ্যে আগামীকাল সকাল সাড়ে ছ'টায় হাওড়ার ঘুসুড়ি থেকে রওনা হবেন লক্ষ্মীরতন। কলকাতা থেকে সুন্দরবন যেতে তাঁকে ১১০ কিলোমিটার সাইকেল চালাতে হবে। রাস্তায় যাতে কোনও অসুবিধে না হয় তার জন্য হাওড়াতে তাঁর অ্যাকাডেমিতে বেশ কয়েকদিন ধরে অনুশীলন করছেন তিনি। রীতিমতো তৈরি হয়ে তবেই রওনা দিতে চাইছেন তিনি।
সুন্দরবন যাওয়ার পথে একাধিক স্কুলে যাবেন মন্ত্রী। সেখানে গিয়ে ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথা বলবেন। পরিবেশ সম্পর্কে সচেতনতা বাড়াতে ও পরিবেশ দুষণ রোধ করতে কী কী পদক্ষেপ নেওয়া উচিত, তা সবাইকে বোঝাবেন তিনি। এই প্রসঙ্গে লক্ষ্মীর বক্তব্য, "দূষণ এখন সবথেকে বড় সমস্যা। আগামী প্রজন্মের জন্য পরিবেশকে বসবাসযোগ্য করে রাখতে হবে। এই বিষয়ে রাস্তায় নেমে মানুষকে সজাগ করে তুলতে হবে। সেই কাজ করতেই এই অভিযানে নেমেছি। আশা করছি আমার উদ্যোগ সফল হবে।"
শুধুমাত্র সুন্দরবন পর্যন্ত ১১০ কিলোমিটার সাইকেল চালানো নয়, এবার থেকে সাইকেল চালিয়ে অফিস যাওয়ারও সিদ্ধান্ত নিয়েছেন লক্ষ্মীরতন। প্রাক্তন ক্রিকেটারের এই উদ্যোগকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের দুই ক্রিকেটার হরভজন সিং ও ঋদ্ধিমান সাহা। হরভজন শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, "দারুণ উদ্যোগ দাদা। চালিয়ে যাও।"