দ্য ওয়াল ব্যুরো: কর্তৃপক্ষের আশ্বাস মতো আজ শুক্রবার বেতন না পাওয়ায় কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ির এলাকায় ইমপেক্স ফেরো টেক লিমিটেড গেটের সামনে বিক্ষোভ দেখালেন ঠিকা শ্রমিকরা। কিছু দিন আগে ৫০০ জন মতো ঠিকা শ্রমিক তিন মাসের বকেয়া বেতন নিয়ে বিক্ষোভ দেখান। তখন তাঁদের আশ্বাস দেওয়া হয়েছিল যে একমাসের বেতন দেওয়া হবে ২৪ এপ্রিল।
সেই আশ্বাসের জেরে ঠিকা শ্রমিকরা এদিন বকেয়া বেতন নিতে আসেন। জানা গেছে, যে ঠিকাদারের অধীনে তাঁরা কাজ করেন তিনি ও কোম্পানি কর্তৃপক্ষ এসে বলেন যে আপাতত ১৫০০ টাকা করে তাঁরা দিতে পারবেন, বাকি টাকা এখন দিতে পারবেন না। এই কথা শুনে শ্রমিকরা রাগে ঠিকাদার ও কোম্পানি কর্তৃপক্ষকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
ঘটনাস্থলে চৌরাঙ্গী ফাঁড়ির পুলিশ এসে বিক্ষোভকারীদের শান্ত করে। পুলিশ কোম্পানি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে। কোম্পানি কর্তৃপক্ষ জানায় যে তারা এখন আড়াই হাজার টাকা করে দিতে পারবে এবং বাকি বকেয়া টাকা ৩০ তারিখের মধ্যে ঠিকা শ্রমিকদের দেওয়া হবে। শ্রমিকরা লিখিত আশ্বাস দাবি করেন। কোম্পানি কর্তৃপক্ষ লিখিত ভাবে আশ্বাস দেওয়ায় বিক্ষোভকারীরা শান্ত হন।
বিক্ষোভকারীরা জানান যে তাঁদের তিন মাস ধরে বেতন দেওয়া হয়নি। লকডাউন জেরে কাজ বন্ধ। সংসার চালাতে সমস্যা হচ্ছে। ১৫ এপ্রিল তাঁরা গেটের বাইরে বিক্ষোভ করেছিলেন। তখন কোম্পানি কর্তৃপক্ষ ঠিকাদার তাঁদের আশ্বাস দিয়েছিলেন যে ২৪ তারিখে বকেয়া বেতন দেওয়া হবে। তবে এদিন বেতন নিতে এলে মাথাপিছু দেড় হাজার টাকার বেশি দিতে চাননি তাঁরা। তখনই বিক্ষোভ শুরু হয়।
এই প্রসঙ্গে কোম্পানি কর্তৃপক্ষ জানান যে লকডাউনের ফলে কোম্পানির কাজ বন্ধ। শ্রমিকদের বেতন বকেয়া আছে একথা ঠিক তবে এখন তাঁদের কাছে এত নগদ নেই যে তাঁরা সমস্ত বকেয়া বেতন মিটিয়ে দিতে পারবেন। তাই আড়াই হাজার টাকা আজ তাদের দেওয়া হচ্ছে। বাকি বেতন ৩০ তারিখের মধ্যে দেওয়া হবে।