দ্য ওয়াল ব্যুরো : ভাটপাড়া কাণ্ডে রিপোর্ট জমা দিতে সোমবার নবান্নে গিয়েছিলেন অভিনেতা ও নাট্যকার কৌশিক সেন। বুদ্ধিজীবীদের পক্ষ থেকে তিনি মুখ্যমন্ত্রীর কাছে একটা রিপোর্ট জমা দিয়ে যান। বদলে রাজ্য সরকারের তরফেও একটা চিঠি দিয়ে তাঁদের জানানো হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব রকম চেষ্টা করা হবে।
সোমবার বুদ্ধিজীবীদের দলের তরফে প্রতিনিধি হিসেবে কৌশিকবাবু নবান্নে আসেন। বেশ কিছুক্ষণ মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠক হয়। তারপর বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের সামনে এই অভিনেতা-নাট্যকার বলেন, "গত সপ্তাহে আমি, অপর্ণা সেন, বোলান গঙ্গোপাধ্যায়, আমরা সবাই ভাটপাড়া গিয়েছিলাম। সেখানকার মানুষদের সঙ্গে আমরা কথা বলেছি। আমরা এই সামগ্রিক পরিস্থিতি নিয়ে যতটা বুঝেছি ততটা একটা চিঠির আকারে মুখ্যমন্ত্রীর কাছে জমা দিতে এসেছিলাম। আমরা ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ বর্মাকেও এর আগে একটা চিঠি দিয়েছি। মুখ্যমন্ত্রীর কাছে জমা দেওয়া এই চিঠিতে শঙ্খ ঘোষ, সৌমিত্র চট্টোপাধ্যায়, নবনীতা দেব সেনরা সবাই সই করেছেন। আমি সেই চিঠি প্রতিনিধি হিসেবে জমা দিয়েছি।"
ভাটপাড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে, এমনটাই আশ্বাস তাঁরা পেয়েছেন বলে জানিয়েছেন কৌশিক সেন। তিনি বলেন, "মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার অনেকক্ষণ কথা হয়েছে। রাজ্যের তরফেও আমাকে একটা চিঠি দেওয়া হয়েছে। সেই চিঠিতে আশ্বাস দেওয়া হয়েছে, ভাটপাড়ার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সবরকম চেষ্টা করবে রাজ্য সরকার। আমরা তো প্রশাসনের সর্বোচ্চ ব্যক্তির সঙ্গেই কথা বললাম। তাঁর কথা শুনে নিশ্চয়ই আস্বস্ত লাগছে।"
তবে শুধুমাত্র মৌখিক প্রতিশ্রুতিতেই ব্যাপারটা মিটবে না বলে জানিয়েছেন এই অভিনেতা। তাঁর বক্তব্য, "১৫-২০ দিন পরে ফের একবার ভাটপাড়ায় যাবো আমরা। সেখানকার সাধারণ মানুষকে জিজ্ঞাসা করব, রাজ্য সরকারের তরফে যে সব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেগুলো ঠিকমতো পালন করা হচ্ছে কিনা।"