দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাসের থাবা এবার কলকাতা পুলিশেও। এই প্রথম কলকাতা পুলিশের কোনও কর্মী করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন। মৃত্যু হয়েছে শেক্সপিয়র সরণি থানার এক কনস্টেবলের।
লালবাজার সূত্রে খবর, ওই কনস্টেবলের বয়স ৪৭ বছর। ডিসি সাউথের অফিসে পোস্টিং থাকলেও ওই পুলিশকর্মী শেক্সপিয়র সরণি থানায় কনস্টেবল ছিলেন। পুলিশ সূত্রের খবর, মৃত কনস্টেবলের বাড়ি শিলিগুড়ির ফাঁসিদেওয়া থানা এলাকায়। ২৪ মে স্ত্রীর অসুস্থতার খবর পান তিনি। ২৮ মে বাসে করে বাড়ি যান। ১ জুন ফিরে আসেন কর্মক্ষেত্রে। সেদিনই তাঁর নমুনা পরীক্ষা করা হয়। ৩ জুন তাঁর রিপোর্ট পজিটিভ আসে।
তারপরেই মেডিক্যাল কলেজ ও হাসপাতালের গ্রিন বিল্ডিংয়ে ভর্তি করা হয় তাঁকে। সেখানেই ক্রমাগত শারীরিক অবস্থা খারাপ হতে থাকে ওই কনস্টেবলের। শনিবার মেডিক্যাল কলেজেই মৃত্যু হয় তাঁর। কলকাতায় এর আগে করোনা আক্রান্ত হয়ে ডাক্তারের মৃত্যু হলেও জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত অন্য কর্মীদের মৃত্যু হয়নি। কিন্তু এবার প্রথম কোনও পুলিশ কর্মীর মৃত্যু হল।
রাজ্যের করোনা পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। শনিবার স্বাস্থ্য ভবনের বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৪৩৫ জন নতুন করে সংক্রামিত হয়েছেন। মৃত্যু হয়েছে ১৭ জনের। আক্রান্ত ও মৃতের সংখ্যা গত ২৪ ঘণ্টায় সর্বাধিক হয়েছে। রাজ্যে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা ৭৭৩৮। মৃত্যু হয়েছে ৩১১ জনের। কো-মর্বিডিটির কারণে আরও ৭২ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য ভবন শনিবার যে বুলেটিন প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে কলকাতায় নতুন আক্রান্তের সংখ্যা এখনও সবার থেকে বেশি। প্রথম দিন থেকেই সেই ধারাবাহিকতা দেখা যাচ্ছে মহানগরীতে। কলকাতায় গত চব্বিশ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়েছেন ৯৪ জন। এর পরেই উল্লেখযোগ্য ভাবে কোভিড পজিটিভ পাওয়া গিয়েছে হুগলিতে। সেখানে ৮২ জন কোভিড পজিটিভ পাওয়া গিয়েছে গত চব্বিশ ঘণ্টায়। হাওড়ায় ৫৬ জন এবং উত্তর চব্বিশ পরগনায় ৬০ জনের নমুনা পরীক্ষায় পজিটিভ পাওয়া গিয়েছে।
এদিকে উত্তরবঙ্গে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত ডাক্তার-নার্সদের মধ্যে সংক্রমণ ভয়ানকভাবে ছড়াচ্ছে। শনিবার রাত অবধি পাওয়া রিপোর্টে, হাসপাতালের একাধিক ডাক্তার, নার্স ও কর্মীরা করোনা আক্রান্ত। সংক্রমণ সন্দেহে কোয়ারেন্টাইনে রয়েছেন অনেকে। স্বাভাবিক পরিষেবা চালানোর মতো লোক নেই। দিনকয়েক আগেই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের চারজন চিকিৎসক ও একজন ল্যাবরেটরি টেকনিশিয়ানের শরীরে করোনা পজিটিভ ধরা পড়ে। তার আগেও কয়েকজন নার্সেরও কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। গত তিন সপ্তাহে উত্তরবঙ্গ মেডিক্যালের একাধিক ডাক্তার, নার্স, টেকনিশিয়ানদের করোনা সংক্রমণ ধরা পড়ায় উদ্বিগ্ন কর্তৃপক্ষ।