দ্য ওয়াল ব্যুরো: প্রাথমিকের ভুল প্রশ্ন মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যকে সশরীরে আদালতে হাজিরের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আগামী সোমবার সকাল ১১ টার সময় হাজিরা দিতে হবে মানিকবাবুকে।
বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের নির্দেশের পরেও কেন ভুল প্রশ্নের যারা উত্তর দিয়েছেন তাদের নম্বর দেওয়া হয়নি সেই মর্মে দায়ের হয় আদালত অবমাননার মামলা।
টেট পরীক্ষা নিয়ে রাজ্য সরকারের বিড়ম্বনার যেন শেষ নেই। এবার হাফ ডজন ভুল প্রশ্নের জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যকে বিপুল টাকা জরিমানা করল কলকাতা হাইকোর্ট।
গত সপ্তাহে প্রাথমিক টেটে ভুল প্রশ্ন মামলায় আদালত তুলোধনা করে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ৬টি প্রশ্ন ভুল ব্যাখা করেছে বোর্ড। পর্ষদের কারণেই পরীক্ষার্থীদের আদালতমুখী হতে হয়েছে। আদালত নির্দেশ দেয় ১৯ মামলাকারীকে ২০ হাজার টাকা করে দিতে হবে। যার মোট অঙ্ক দাঁড়াবে তিন লক্ষ ৮০ হাজার টাকা। প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতিকে ব্যক্তিগত ভাবে এই টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
আদালত আরও বলেছিল, সাত দিনের মধ্যে সমস্ত নির্দেশ কার্যকর করতে হবে। পরীক্ষার্থীদের সাত দিনের মধ্যে পুরো মার্কস দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। সাত দিনের মধ্যে নিয়োগ নিয়েও বিবেচনা করার কথা বলেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
২০১৮ সালে বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় বিশ্বভারতীর বিশেষজ্ঞকে দিয়ে ৬টি প্রশ্ন সঠিক কি না তা যাচাই করান। বিশ্বভারতীর বিশেষজ্ঞ জানান ৬টি প্রশ্নই ভুল। সেই সময়ে বিচারপতি চট্টোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যাঁরা যাঁরা প্রশ্নের উত্তর দিয়েছিলেন তাঁদেরই পুরো নম্বর দিতে হবে। কিন্তু তা কার্যকর না হওয়ায় আদালতের দ্বারস্থ হন ১৯ জন পরীক্ষার্থী।