দ্য ওয়াল ব্যুরো: জলপাইগুড়ি শহর সংলগ্ন বিলপাড়া এলাকায় পুরো জলাশয় জুড়ে একের পর এক দেশি মাগুর মাছ মরে ভেসে উঠেছে। এই ঘটনায় মাছের মড়ক লাগার আশঙ্কা করছেন এলাকার মৎস্যজীবীরা। মাছগুলি সবই দেশি মাগুর এবং সেই হিসাবে বড় মাপের।
স্থানীয় বাসিন্দা পল্লব সোমের জলাশয়ে এদিন সকাল থেকে একের পর এক মরা মাগুর মাছ ভেসে উঠতে থাকে। এক একটি মাছের ওজন মোটামুটি ভাবে ৩০০ থেকে ৩৫০ গ্রাম। দুপুর পর্যন্ত ৩৫ থেকে ৪০ কেজি মাছ ভেসে উঠেছে বলে দাবি পুকুরের মালিকের। ঘটনায় তিনি শঙ্কিত। এলাকার বাসিন্দারাও এ নিয়ে বেশ চিন্তিত। কী কারণে মাছের এই ভাবে মড়ক লাগল তা কেউ বুঝে উঠতে পারছেন না।
দেশি মাগুর মাছের ব্যবসা বেশ লাভজনক। কখনও কখনও তা কেজিপ্রতি ৬০০ টাকা থেকে ৭০০ টাকা দরে বিক্রি হয়। তাই এই মাছ মরে ভেসে ওঠায় চিন্তিত ব্যবসায়ীরা। তাঁদের বিপুল টাকা আর্থিক ক্ষতি হয়েছে।
পল্লব সোম এদিন বলেন, “বহুদিন ধরেই এই পুকুর তো বটেই এলাকার প্রায় সব পুকুরেই মাছে চাষ করা হচ্ছে। এই ধরনের ঘটনা আগে কখনও দেখা যায়নি। আজ সকালে বহু মরা মাগুর মাছ ভেসে উঠতে দেখা যায়। মাছ পচে গন্ধও ছড়িয়ে পড়ে এলাকায়। কী কারণে এই ঘটনা ঘটেছে তা কেউ বুঝে উঠতে পারছেন না। এটি প্রাকৃতিক কারণে ঘটেছে নাকি কোনও মানুষের কুকর্ম তা বোঝার জন্য আমরা মৎস্য বিভাগের সাহায্য চাই।”
ঘটনায় জলপাইগুড়ি জেলার মৎস্য আধিকারিক সুব্রত সরকার টেলিফোনে জানান যে এব্যাপারে তাঁদের কাছে কোনও অভিযোগ আসেনি। তবে তিনি বলেন, “মাগুর মাছ জলের একদম নীচের অংশে থাকে। প্রাথমিক ভাবে আমার মনে হচ্ছে যে জলে কোনও কারণে অক্সিজেনের অভাব হয়েছে তাই এই মড়ক। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।”
বিকেল পর্যন্ত পুকুর পরিষ্কার করা হয়নি। মাছ ভেসে রয়েছে একই ভাবে।