চালু হয়ে গেল আন্তঃজেলা বাস পরিষেবা, আপাতত চলছে সরকারি বাসই
দ্য ওয়াল ব্যুরো: আন্তঃজেলা বাস পরিষেবা চালু হয়ে গেল বুধবার। তবে সরকারি বাসই শুধুমাত্র চলছে। নিয়ম মেনে প্রতিটি বাসে সামাজিক দূরত্ব বজায় রাখা হচ্ছে।
দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার আসানসোল থেকে বুধবার কলকাতা ও হাওড়ার বাস পরিষেবা চালু হয়েছে
শেষ আপডেট: 27 May 2020 12:15
দ্য ওয়াল ব্যুরো: আন্তঃজেলা বাস পরিষেবা চালু হয়ে গেল বুধবার। তবে সরকারি বাসই শুধুমাত্র চলছে। নিয়ম মেনে প্রতিটি বাসে সামাজিক দূরত্ব বজায় রাখা হচ্ছে।
দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার আসানসোল থেকে বুধবার কলকাতা ও হাওড়ার বাস পরিষেবা চালু হয়েছে। গাড়ির চালক ও কন্ডাক্টাররা পিপিই ও গ্লাভস পরে এদিন কাজে যোগ দেন। বাসগুলি গন্তব্যের ডিপোয় পৌঁছলে সেগুলিকে জীবাণুমুক্ত করা হবে বলে জানানো হয়েছে। বুধবার সকালে আসানসোল থেকে কলকাতার উদ্দেশ্যে দু’টি, করুণাময়ীর উদ্দেশে একটি এবং পুরুলিয়ার উদ্দেশে একটি বাস রওনা হয় আসানসোল থেকে৷ পরবর্তী ধাপে অন্য জেলার মধ্যেও আসানসোলের সঙ্গে বাস পরিষেবা চালু করা হবে৷

এক জেলা থেকে অন্য জেলায় বাস চলাচল শুরু করেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থাও। পাশের জেলা মালদহ ও উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে সরকারি বাস আসে। বালুরঘাট থেকেও আশপাশের জেলায় বাস চলাচল শুরু হয়েছে। মুর্শিদাবাদের ফারাক্কা থেকে এদিন বালুঘাটের বাস এসেছে।
সরকারি নিয়ম মেনে কুড়ি জনের বেশি যাত্রী কোনও বাসে নেওয়া হচ্ছে না। মাস্ক না থাকলে কোনও যাত্রীকে বাসে উঠতে দেওয়া হচ্ছে না। অর্পণ রায় নামে এক বাস যাত্রী বলেন, “আন্তঃজেলা বাস চলাচল শুরু হয়ে ভাল হয়েছে। তবে যাত্রীদের সুরক্ষার কথা ভেবে আরেকটু সতর্কতা অবলম্বন করা উচিত ছিল। যাত্রী নেওয়ার সময় শুধুমাত্র মাস্ক দেখে নেওয়া হচ্ছে। এক্ষেত্রে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করা এবং থার্মাল চেকিংয়ের ব্যবস্থা রাখা উচিত ছিল।”