দ্য ওয়াল ব্যুরো: মদের আসরে পিটিয়ে খুনের ঘটনা ঘটল হাওড়ার উলুবেড়িয়ার বোয়ালিয়ায়। অভিযোগ, শেখ মনতাজুল নামে এক যুবককে বাঁশ, ইট প্রভৃতি দিয়ে পিটিয়ে মাথা থেঁতলে খুন করা হয়। রাতে স্থানীয়রা মনতাজুলকে বোয়ালিয়া শ্মশান ঘাটের কাছে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে উলুবেড়িয়া থানার পুলিশ। তারা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। পুলিশ দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।
এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বোয়ালিয়া এলাকায়। পুলিশের প্রাথমিক অনুমান, মদ খেতে বসে বচসার জেরেই তাকে পিটিয়ে খুন করা হয়েছে তবে মনতাজুলের বিরুদ্ধে তোলাবাজি-সহ একাধিক দুষ্কর্মের অভিযোগ রয়েছে। এজন্য পুলিশ খতিয়ে দেখছে এই খুনের পিছনে তোলাবাজির কোনও ব্যাপার আছে কিনা।
সূত্রের খবর, এলাকার কয়েকটি অবৈধ বালি খাদান থেকে তোলা নিত মনতাজুল। রবিবার রাতেও তাকে টাকা দেওয়ার জন্য কেউ বা কারা ডাকে। মনতাজুল এক সঙ্গীকে সঙ্গে নিয়ে সেখানে যায়। তারা সেখানে এক সঙ্গে বসে মদ খায় একটা দোকান। তারপর তারা বেরিয়ে যায়। অভিযোগ এরপরেই কয়েক জন লোক মনতাজুলকে রড, বাঁশ, লাঠি দিয়ে পেটায়। মনতাজুল অচৈতন্য হয়ে পড়ে ও পরে মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশবাহিনী ও ব়্যাফ।
ঠিক কী কারণে এই বচসা ও খুনের ঘটনা সে বিষষটি পরিষ্কার নয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয়দের অভিযোগ, এলাকায় দুষ্কর্ম হচ্ছে। তাদের দাবি প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিক।