
শেষ আপডেট: 22 February 2020 12:25
রোগীকে নিয়ে যাওয়া হয় পুলিশের অ্যাম্বুল্যান্সে[/caption]
পুলিশ সূত্রে জানা গেছে, পূর্ব মেদিনীপুরের ঘাটালের বাসিন্দা বছর সত্তরের দুলারানি সামন্তকে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল কলকাতার পিয়ারলেস হাসপাতালে। দুপুর একটা নাগাদ কোনা এক্সপ্রেসওয়ে দিয়ে যাওয়ার সময় অ্যাম্বুল্যান্সের সামনের ডানদিকের চাকা খুলে যায়। রাস্তায় যানজট থাকার জন্য গাড়িটির গতি কম ছিল, সেটি দাঁড়িয়ে যায় ডিভাইডার ধাক্কা মেরে। ঘটনায় হতচকিত হয়ে যান অ্যাম্বুল্যান্সে থাকা দুলারানি সামন্তের দুই ছেলে। গাড়ির চালক অবশ্য দাবি করেছেন চাকা খুলে যায়নি, বিয়ারিং ও বুশ ভেঙে গাড়ি হেলে যায়। তবে গতি বেশি থাকলে বড় বিপদ হতে পারত।
ঘাটাল এলাকায় খারাপ রাস্তার জন্য প্রায়ই গাড়ি খারাপ হয়। প্রশাসন এ ব্যাপারে উদাসীন। পোলবার রেশ কাটতে না কাটতেই এই দুর্ঘটনা। তাই অনেকেই বলছেন পুলকার কেন, অ্যাম্বুল্যান্স-সহ সমস্ত গাড়ির স্বাস্থ্য পরীক্ষা করা দরকার। না হলে ঝুঁকি নিয়ে প্রাণ হাতে করেই যাতায়াত করতে হবে প্রতিটি যাত্রীকে। তবে পুলকারের পাশাপাশি আগে অ্যাম্বুল্যান্সের দিকে নজর দেওয়া দরকার বলে তাঁরা মনে করেন।
অ্যাম্বুল্যান্সের চালক বলেছেন, এবার থেকে গাড়ি রক্ষণাবেক্ষণের দিকে তাঁরা বিশেষ ভাবে নজর দেবেন।