দ্য ওয়াল ব্যুরো: পশ্চিম মেদিনীপুরের দাসপুর ২ নম্বর ব্লকের নিশ্চিন্তপুর গ্রামে শনিবার সকালে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা পাকা বাড়ি। মোবাইল ফোনে ধরা পড়ল সেই দৃশ্য। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি।
বাড়িটি হেলে পড়ছে বুঝতে পেরে বাসিন্দারা সেখান থেকে বেরিয়ে পড়েন। তার অল্পক্ষণের মধ্যেই বাড়িটি ভেঙে পড়ে বলে স্থানীয় সূত্রে খবর। এই ঘটনায় কেউ হতাহত না হলেও বাড়িটি থেকে কোনও জিনিস উদ্ধার করতে পারেননি বাসিন্দারা।
https://www.facebook.com/TheWallNews/videos/194660818453046/
বেশ কয়েক দিন ধরে গোমরাই খাল সংস্কারের কাজ করছিল সেচ দফতর। ওই খালের একেবারে ধারে বাড়ি করেছিলেন পেশায় ব্যবসায়ী নিমাই সামন্ত। গত কয়েক দিন ধরেই লাগাতার বৃষ্টির ফলে বাড়ির ভিত ধীরে ধীরে বসে যাচ্ছে বলে তাঁরা বুঝতে পারছিলেন। পরিস্থিতি বেগতিক মনে হওয়ায় শনিবার সকালে তাঁরা বাড়ির বাইরে বেরিয়ে পড়েন।
বাড়ি ভেঙে পড়ছে জানতে পেরে অনেকেই উৎসুক হয়ে সেই দৃশ্য দেখতে হাজির হয়ে যান। এলাকায় ভিড় জমে যায়। অনেকে শঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দাসপুর থানার পুলিশ। সকলের চোখের সামনে বাড়িটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে।
দাসপুর ২ নম্বর ব্লকের বিডিও অনির্বাণ সাউ বলেন, “বেশ কয়েক দিন ধরে ওই খালটি সংস্কারের কাজ চলছিল। হঠাৎ বাড়িটি ধসে পড়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।” ঘাটালের মহকুমাশাসক অসীম পাল বলেন, “সেচ দফতরের জায়গার উপরে পুরোপুরি বেআইনি ভাবে বাড়িটি তৈরি হয়েছে। বাড়ি তৈরির জন্য পঞ্চায়েতের অনুমতিও নেওয়া হয়নি। সেচ দফতরের মহকুমা আধিকারিক ও তাঁর দল তদন্ত করবে। যিনি ওই বেআইনি কাজ করেছেন তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।”
নিমাই সামন্ত খাস জমির উপরে বাড়ি করার প্রসঙ্গ এড়িয়ে গেছেন। তিনি বলেন, “আমি একজন লোকের থেকে জায়গাটি কিনে সেখানে বাড়ি করেছি। সব নষ্ট হয়ে গেছে। দেখি এখন কী করা যায়।”