দ্য ওয়াল ব্যুরো: ভাষাগত সমস্যার জন্য চন্দননগরের বারাসতে হঠাৎ হাজির হওয়া মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার পরিচয়টুকুও জানা যাচ্ছিল না। এক শিক্ষকের তৎপরতায় ও হ্যাম রেডিওর চেষ্টায় শেষ পর্যন্ত ওই বৃদ্ধাকে বাড়িতে ফেরান সম্ভব হল।
বেশ কিছুদিন ধরে চন্দননগরের বারাসত এলাকায় জিটি রোডের ধারে এক বৃদ্ধাকে বসে থাকতে দেখছিলেন এলাকার লোকজন। পথচারীদের কেউ কেউ ঠান্ডায় জড়োসড়ো হয়ে থাকা ওই বৃদ্ধার কাছে গিয়ে তাঁর নাম ও পরিচয় জানতে চান কিন্তু তিনি কোনও প্রশ্নেরই উত্তর দিচ্ছিলেন না। দিন পনেরো ধরে তাঁকে দেখে এক শিক্ষক আলাপ করতে আসেন তবে ওই বৃদ্ধার ভাষা তিনি কিছুই বুঝতে পারেননি। এতদিন কার্যত খোলা আকাশের নীচে পড়ে থেকে ওই বৃদ্ধার শারীরিক অবস্থা দিনে দিনে খারাপ হচ্ছিল।
এলাকার বাসিন্দাদের সাহায্যে অভীক মুখোপাধ্যায় নামে ওই শিক্ষক চন্দননগর হাসপাতালে ভর্তি করিয়ে দেন বৃদ্ধাকে। একই সঙ্গে তিনি খোঁজ নিতে থাকেন ওই বৃদ্ধার পরিবার সম্পর্কে।
বৃদ্ধার অসংলগ্ন কথাবার্তা শুনেই বোঝা গিয়েছিল যে তিনি মানসিক ভাবে অসুস্থ, তাঁর ভাষাও দুর্বোধ্য। তখন সোশ্যাল মিডিয়ার সাহায্য নেন ওই শিক্ষক, প্রশাসনকেও জানানো হয় পুরো বিষয়টি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারে হ্যাম রেডিও। তাদের পক্ষ থেকে চন্দননগরের প্রতিনিধি সৌরভ গোস্বামী যোগাযোগ করেন অভীক মুখোপাধ্যায়ের সঙ্গে। তাঁর সঙ্গেই হাসপাতালে ওই বৃদ্ধাকে দেখতে যান হ্যাম রেডিওর প্রতিনিধি সৌরভ।
ভাষা শুনে সৌরভ বুঝতে পারেন যে ওই বৃদ্ধা এমন কোনও আঞ্চলিক ভাষায় কথা বলছেন যেটি এখানে কারও জানা নেই। হ্যাম রেডিওর একটি গ্রুপে তিনি ওই বৃদ্ধার ছবি ও প্রয়োজনীয় বিবরণ দিয়ে দেন।
অবশেষে সুফল মেলে। জানা যায় ওই মহিলার নাম ভানিতা বেন (৭৮), তাঁর বাড়ি গুজরাটের রাজকোট থানার মোভিয়া গ্রামে। তিনি চার মাস আগে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান। স্থানীয় থানা মারফত ওই মহিলার বাড়িতে খবর যায়।
মঙ্গলবার সকালে বৃদ্ধার স্বামী, দুই মেয়ে ও জামাই সহ মোট পাঁচজন চন্দননগর হাসপাতালে আসেন। তাঁরা এসে ভানিতাকে নিয়ে প্রথমে কলকাতায় যান। আজই তাঁরা গুজরাটগামী ট্রেনে উঠেছেন। হ্যাম রেডিওর প্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভানিতা বেনের পরিবারের লোকজন। হ্যাম রেডিও না থাকলে যে বৃদ্ধাকে ফেরানো সম্ভব হত না সেকথা তাঁরা বলেছেন।
এদিন হ্যাম রেডিওর পক্ষ থেকে অভ্র মালাকার ও অভ্রজিৎ দাস আসেন চন্দননগরে। তাঁরাই ভানিতার বাড়ির লোকজনকে চন্দননগরে নিয়ে এসেছিলেন হাওড়া স্টেশন থেকে। হ্যাম রেডিওর সদস্যরা হাওড়া স্টেশন থেকে তাঁদের ট্রেনে তুলে দেন।
চন্দননগরের মহকুমাশাসক মৌমিতা সাহা নিজে এদিন সকালে হাসপাতালে আসেন। প্রশাসনের তরফ থেকে তিনি ওই বৃদ্ধাকে নতুন জামাকাপড় এবং বাড়ি যাওয়ার জন্য কিছু টাকাও দেন।