
শেষ আপডেট: 7 February 2019 11:04
দ্য ওয়াল ব্যুরো: কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আগেই চিঠি দিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এ বার আরও পাঁচ পুলিশ কর্তার বিরুদ্ধে কড়া পদক্ষেপের পথে কেন্দ্র। এই পাঁচ পুলিশ কর্তা হলেন, ডিজি বীরেন্দ্র, এডিজি (আইন শৃঙ্খলা) অনুজ শর্মা, বিধাননগরের পুলিশ কমিশনার জ্ঞানবন্ত সিং, কলকাতার অতিরিক্ত পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার এবং বিনীত গোয়েল।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বৃহস্পতিবার এই সার্কুলার জারি করেছে বলে খবর। সূত্রের খবর, কেন্দ্র এতটাই কড়া ভাবে ব্যাপারটি করতে চাইচ্ছে যে, সার্ভিস রুল ভাঙার জন্য এই পাঁচ পুলিশ কর্তার মেডেলও কেড়ে নেওয়া হতে পারে। রাজীব কুমারের ধর্ণায় যাওয়া নিয়ে আগেই নবান্নকে চিঠি লিখে ব্যবস্থা নেওয়ার কথা বলেছিল কেন্দ্র। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী ধর্মতলার ধর্ণামঞ্চ থেকে জানিয়েছিলেন, “রাজীব ধর্ণায় ছিলেন না। আমার নিরাপত্তার জন্য ছিলেন।” সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর উক্তি ছিল, “কেন্দ্রের এই নির্দেশ স্যাড-ব্যাড-ম্যাড।” কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রকের এই সিদ্ধান্তের পর বৃহস্পতিবার বিকেল পর্যন্ত নবান্নের কোনও প্রতিক্রিয়া মেলেনি। রবিবার সন্ধে বেলা লাউডন স্ট্রিটে কলকাতার পুলিশ কমিশনারের বাংলোর সামনে কলকাতা পুলিশ-সিবিআই খণ্ডযুদ্ধের পর নগরপালের বাড়িতে যান মুখ্যমন্ত্রী। সেখান থেকে বেরিয়ে তিনি ঘোষণা করেন, সংবিধান বাঁচাতে সত্যাগ্রহ করবেন। তারপরই এসে ধর্ণায় বসেন মেট্রো চ্যানেলে। সেখানেই শুরুর দিকে দিদির পাশে চেয়ারে বসে থাকতে দেখা যায় রাজ্য পুলিশের শীর্ষকর্তাদের। ওই ঘটনার পর সমালোচনার ঝড় উঠেছিল দেশে। অনেকেই প্রশ্ন তুলেছিলেন, কী করে পুলিশকর্তারা গিয়ে ধর্ণায় বসতে পারেন। আইপিএস অফিসারদের তো নির্দিষ্ট নিয়ম-শৃঙ্খলা মেনে কাজ করতে হয়। এবং সেই শৃঙ্খলা লৌহদৃঢ়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সেটিকেই গুরুত্ব দিতে চাইছে। পর্যবেক্ষকদের মতে, এ ক্ষেত্রে যদি কেন্দ্র শৃঙ্খলা মানার ক্ষেত্রে কোনও শিথিলতা দেখায়, ভবিষ্যতে নিয়ম ভাঙার ক্ষেত্রে বাংলার ঘটনা সারা দেশে উদাহরণ হয়ে থাকবে। ঘটনার পর দিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ফোন করেছিলেন রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীকে। পুলিশ কর্তাদের ধর্ণায় বসা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। এ বার সরাসরি ব্যবস্থার পথে কেন্দ্র। https://thewall.in/2019/02/news-state-cbi-team-is-ready-to-interrogate-rajeev-kumar-in-shillong/