Higher Secondary-JEE Main: উচ্চমাধ্যমিকের মধ্যেই জয়েন্ট মেনের পরীক্ষা! দিনক্ষণ বদলাবে কি, আলোচনায় নবান্ন
উচ্চমাধ্যমিক পরীক্ষার (Higher Secondary Examination) সূচীতে ফের বদল হবে কি? সে নিয়েই নবান্নে পর্ষদ কর্তাদের সঙ্গে আলোচনা করছেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষার মধ্যেই জয়েন্ট-মেইনের (Joint Entrance Main) পরীক্
শেষ আপডেট: 2 March 2022 15:55
উচ্চমাধ্যমিক পরীক্ষার (Higher Secondary Examination) সূচীতে ফের বদল হবে কি? সে নিয়েই নবান্নে পর্ষদ কর্তাদের সঙ্গে আলোচনা করছেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষার মধ্যেই জয়েন্ট-মেইনের (Joint Entrance Main) পরীক্ষা পড়েছে। ফলে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী যাঁরা জয়েন্টেও বসবেন, তাঁদের ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে। উচ্চমাধ্যমিক পরীক্ষার দিন বদলানো হবে কিনা সে নিয়ে এখনও কিছু জানা যায়নি। সূত্রের খবর, নবান্নে (Nabanna) এই বিষয়টি নিয়ে আলোচনা চলছে।
এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে ২ থেকে ২০ এপ্রিল। আর জয়েন্ট মেইনের পরীক্ষার দিন পড়েছে ১৬ থেকে ২১ এপ্রিল। বোর্ডের পরীক্ষার সঙ্গেই জয়েন্টের পরীক্ষার দিন পড়ায় সমস্যায় পড়তে পারেন পরীক্ষার্থীরা। উচ্চমাধ্যমিকের অনেক পরীক্ষার্থীই ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিংয়ের পরীক্ষায় বসবেন। সেক্ষেত্রে একই সময় পরীক্ষার দিন পড়ায় সমস্যা তৈরি হতে পারে।
আরও পড়ুন: Mamata Dhankar: ধনকড়কে নিয়ে সংশয় তৃণমূলে, বিধানসভার বাজেট অধিবেশন নিয়ে এখনও নীরব রাজভবন
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেছেন, দুটি পরীক্ষা একই সময় পড়ায় পরীক্ষার্থীরা সমস্যায় পড়বেন। তাই উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচিতে বদল করা হবে কিনা, তা আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
জানা গেছে, মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী বুধবার নবান্নে পর্ষদ কর্তাদের সঙ্গে প্রাথমিক আলোচনা করেছেন। পরিবর্তিত সূচি কী করা হবে বা জয়েন্ট কর্তৃপক্ষকে দিনবদলের কথা বলা হবে কিনা, সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা হয়েছে। দিনবদলের সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি।