দ্য ওয়াল ব্যুরো: বিশ্ববাংলা লোগোর মালিকানা কার? পশ্চিমবঙ্গ সরকারের, নাকি সাংসদ তথা যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের? এ নিয়ে গত বছর কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া দুটি জনস্বার্থ মামলা খারিজ করে দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। বৃহস্পতিবার এই মামলার শুনানি ছিল। প্রধান বিচারপতি টিবি রাধাকৃষ্ণন এবং বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ স্পষ্ট বলে দিল, ওই মামলার কোনও সারবত্তা নেই।
শমীক দাশগুপ্ত এবং সিদ্ধার্থ দাস নামের দুই ব্যক্তি এই মামলা দায়ের করেছিলেন। অভিষেকের আইনজীবী সঞ্জয় বসুর বক্তব্য, বিজেপি নেতা মুকুল রায়ের প্রভাবেই এই মামলা দায়ের করা হয়েছিল। কিন্তু আদালত তা পত্রপাঠ খারিজ করে দিয়েছে।
বিজেপি-তে যোগ দেওয়ার পর ২০১৭-র শেষ দিকে রানি রাসমণি অ্যাভিনিউয়ের সমাবেশে দাঁড়িয়ে ফাইল দেখিয়ে কালীঘাটের দিকে আক্রমণ শানিয়েছিলেন মুকুলবাবু। প্রশ্ন তুলেছিলেন বিশ্ববাংলা লোগোর মালিকানা কার, তা নিয়ে। অভিযোগ করেছিলেন, বিশ্ববাংলা লোগোর মালিকানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সরকারের মাধ্যমে ওই লোগোর মার্কেটিং করে নিজের মুনাফা করেছেন অভিষেক। এ নিয়ে কম জলঘোলা হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পর্যন্ত আলাদা করে সাংবাদিক বৈঠক করতে হয়েছিল। তৎকালীন স্বরাষ্ট্র সচিব অত্রি ভট্টাচার্যকেও আলাদা করে সাংবাদিক সম্মেলন করে বিশ্ববাংলার লোগো নিয়ে অবস্থান জানাতে হয়েছিল। এ বার সেই মামলা খারিজ হয়ে গেল হাইকোর্টে।