বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, রবিবার থেকে গোটা রাজ্যে ঝেঁপে বৃষ্টি, সতর্কতা হাওয়া অফিসের
দ্য ওয়াল ব্যুরো: রবিবার থেকে ঝেঁপে বৃষ্টি শুরু হবে রাজ্যের বিভিন্ন জেলায়। দক্ষিণের পাশাপাশি দুর্যোগ চলবে উত্তরেও। উত্তরে গত কয়েকদিন ধরেই লাগাতার বৃষ্টি হচ্ছে। হাওয়া অফিসের পূর্বাভাস নাগাড়ে বর্ষণের জন্য উত্তরের নদীগুলিতে জলের পরিমাণ বাড়তে পা
শেষ আপডেট: 18 September 2020 13:47
দ্য ওয়াল ব্যুরো: রবিবার থেকে ঝেঁপে বৃষ্টি শুরু হবে রাজ্যের বিভিন্ন জেলায়। দক্ষিণের পাশাপাশি দুর্যোগ চলবে উত্তরেও। উত্তরে গত কয়েকদিন ধরেই লাগাতার বৃষ্টি হচ্ছে। হাওয়া অফিসের পূর্বাভাস নাগাড়ে বর্ষণের জন্য উত্তরের নদীগুলিতে জলের পরিমাণ বাড়তে পারে। এছাড়াও দার্জিলিং এবং কালিম্পঙে ভূমিধ্বস হতে পারে।
আলিপুর আবহাওয়া দফতরের ডেপুটি ডিরেক্টর জেনারেল সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী ২০ সেপ্টেম্বর রবিবার উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। সেটি ক্রমশ অবস্থান বদল করে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থা করবে। তার জেরেই ২০ থেকে ২৩ সেপ্টেম্বর অর্থাৎ রবিবার থেকে বুধবার পর্যন্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়।
আলিপুর জানিয়েছে নিম্নচাপের ফলে সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই নিরাপত্তার খাতিরে ২০ থেকে ২২ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যাঁরা ইতিমধ্যে চলে গিয়েছেন, তাঁরা যেন ২০ তারিখ বিকেলের মধ্যে ফিরে আসেন, সেই নির্দেশ দেওয়া হয়েছে।
দক্ষিণবঙ্গে কোথায় কোথায় বৃষ্টি হবে-------
- ২০ সেপ্টেম্বর: মূলত উপকূলীয় জেলা যেমন পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, এবং সংলগ্ন এলাকা কলকাতা-হাওড়া-হুগলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
- ২১ সেপ্টেম্বর: বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম বর্ধমানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে।
- ২২ সেপ্টেম্বর: দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলা অর্থাৎ বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান এইসব জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে।
- এছাড়াও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও এই চারদিন নিম্নচাপের ভালই প্রভাব পড়বে। বিক্ষিপ্ত ভাবে প্রায় সব জেলাতেই বৃষ্টিপাত হবে।
উত্তরবঙ্গের কোথায় কোথায় বৃষ্টি হবে--------
উত্তরবঙ্গে মূলত ২১ তারিখ সোমবার থেকে বৃষ্টি শুরু হবে। সোম-মঙ্গল-বুধ, তিনদিনই উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পঙে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে।
- ২১ সেপ্টেম্বর: আগামী সোমবার উত্তরের উপরের পাঁচ জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে।
- ২২ ও ২৩ সেপ্টেম্বর: এই দু'দিন দার্জিলিং ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। আর মালদা এবং দুই দিনাজপুর-সহ বাকি জেলায় ভারী বৃষ্টি হবে।