দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাস পরীক্ষা আরও তাড়াতাড়ি করার জন্য নতুন সিদ্ধান্ত নিল স্বাস্থ্যভবন। এবার স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে লালারস সংগ্রহের বিশেষ আধার বা কিট তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কিটের নাম ‘ভাইরাল ট্রান্সপোর্ট মিডিয়া’।
দেশজুড়ে করোনাভাইরাস স্টেজ থ্রি অর্থাৎ কমিউনিটি ট্রান্সমিশনে এসে পৌঁছেছে। বুধবার রাতেই কলকাতায় আর একজনের দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গিয়েছে। এই নিয়ে রাজ্যে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০ জন। এই পরিস্থিতিতে নমুনার রিপোর্ট যাতে তাড়াতাড়ি আসে সেইজন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।
স্বাস্থ্যভবন সূত্রে খবর, করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে কোনও ব্যক্তির দেহ থেকে সোয়াব অর্থাৎ লালারস সংগ্রহ করার জন্য 'ভাইরাল ট্রান্সপোর্ট মিডিয়া' নামের এই কিটের প্রয়োজন হয়। এই কিটের সংখ্যা কম হওয়ায় নমুনা নিয়ে যাওয়া ও রিপোর্ট আসতে অনেক সময় লেগে যাচ্ছে। এই সময় কমাতেই এবার স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে এই কিট তৈরি করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানানো হয়েছে, যদি স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে এই কিট তৈরি করা হয় তাহলে নোভেল করোনাভাইরাসে কেউ আক্রান্ত হয়েছেন কিনা তার পরীক্ষা আরও দ্রুত করা সম্ভব হবে। যদি রিপোর্ট পজিটিভ আসে তাহলে দ্রুত চিকিৎসা শুরু হবে। ফলে অনেক সময় বাঁচবে। ঝুঁকিও কমবে।
এই ব্যাপারে স্বাস্থ্যভবনের এক কর্তা বলেন, স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে এই কিট তৈরির যন্ত্র রয়েছে। আগে এখানে সেই কিট তৈরি হত। কিন্তু এতদিন তা বন্ধ ছিল। এই পরিস্থিতিতে নতুন করে সেই কিট তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্যভবন।