দ্য ওয়াল ব্যুরো: চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের টানা সাতদিন কাজ তারপর টানা সাতদিন বিশ্রামের নিয়ম শুরু করেছে রাজ্য সরকার। এবার করোনা যুদ্ধের 'ফ্রন্টলাইন ওয়ার্কার'দের যাতায়াতের ধকল কমাতে নয়া নির্দেশিকা জারি করল স্বাস্থ্য ভবন।
কলকাতার কাছকাছি বিভিন্ন জেলায় বসবাসকারী সরকারি হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা কাজের পরে বাড়ি ফিরে যান। রবিবারের নির্দেশিকায় বলা হয়েছে, এবার থেকে তাঁরা আর তা করতে পারবেন না। চিকিৎসক, নার্সদের থাকতে হবে হাসপাতালের হেড কোয়ার্টারে। তবে সাতদিনের রোস্টার শেষ হওয়ার পর তাঁরা বাড়ি ফিরতে পারেন বলে নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে।
স্বাস্থ্য ভবনের তরফে বলা হয়েছে, চিকিৎসক, নার্সরা বাড়িতে ফিরলে পরিবারের অন্যদেরও ঝুঁকি তৈরি হচ্ছে। ব্যাখ্যা করে বলা হয়েছে, প্রতিদিন যাতায়াতের কারণে শারীরিক ও মানসিক ধকল দুই হচ্ছে। চিকিৎসক, নার্সদের যাতে অযথা ধকল না হয় সেই কারণেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে স্বাস্থ্য ভবন। নির্দেশিকায় আরও বলা হয়েছে, চিকিৎসক, নার্সদের যদি বাড়িতে এমন কোনও পরিস্থিতি হয় যা এড়িয়ে যাওয়া সম্ভব নয় তাহলে সংশ্লিষ্ট হাসপাতালের সিএমওএইচের অনুমতি নিয়ে বাড়ি যেতে হবে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক কয়েকদিন আগেই চিকিৎসক, নার্সদের সাত দিন কাজ সাত দিন বিশ্রামের প্রোটোকল শুরু করেছে। রাজ্য সরকারও সেই অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছে। কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেছিলেন।
প্রসঙ্গত, সরকারি হাসপাতালের যে সমস্ত চিকিৎসক, নার্স দূর থেকে আসেন তাঁদের হোটেল, লজে রাখার ব্যবস্থা আগেই শুরু হয়েছিল। এবার যাঁদের কাছাকাছি বাড়ি তাঁদেরও থেকে যেতে হবে হাসপাতালে। অর্থাৎ যদি আরজি কর হাসপাতালের কোনও ডাক্তার বা নার্সের বাড়ি যদি ৫০০ মিটার দূরের পাইক পাড়াতে হয়, তিনিও বাড়ি ফিরতে পারবেন না।