চাল-ডালের পর এবার বিনামূল্যে সবজি, হাওড়ায় চালু হল বাজার
দ্য ওয়াল ব্যুরো: করোনা সংক্রমণ ও লকডাউনের মধ্যে রাজ্য সরকারের তরফে বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছে। এবার বিনামূল্যে সবজি বাজারও চালু হল হাওড়ার জগদীশপুরে। রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হয়েছে এই সবজি বাজার।
সোমবার বিকেলে
শেষ আপডেট: 11 May 2020 18:11
দ্য ওয়াল ব্যুরো: করোনা সংক্রমণ ও লকডাউনের মধ্যে রাজ্য সরকারের তরফে বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছে। এবার বিনামূল্যে সবজি বাজারও চালু হল হাওড়ার জগদীশপুরে। রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হয়েছে এই সবজি বাজার।
সোমবার বিকেলে এই বাজারের উদ্বোধন করেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, রাজ্য সরকারের তরফে বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছে। তাই তাঁরা বিনামূল্যে সবজি দেওয়ার উদ্যোগ নিয়েছেন। লকডাউন চলাকালীন প্রতিদিন এই বাজার থেকে স্থানীয় বাসিন্দারা তিন থেকে সাড়ে তিন কিলো ওজনের বিভিন্ন ধরনের সবজি সংগ্রহ করতে পারবেন। তার জন্য কোনও টাকা দিতে হবে না। প্রতিদিন প্রায় চার হাজার মানুষ এই বাজার থেকে বিনামূল্যে সবজি পাবেন বলে জানিয়েছেন তিনি।
এদিন নিজে হাতে সবাইকে সবজি দেন রাজীববাবু। লকডাউনের মধ্যেও বাজারে ভিড় ছিল চোখে পড়ার মতো। পুলিশের সামনেই সামাজিক দূরত্বের তোয়াক্কা না করে হুড়োহুড়ি পড়ে যায়। এই ঘটনা দেখে বনমন্ত্রী পুলিশকে নির্দেশ দিয়েছেন, সামাজিক দূরত্ব যেন মেনে চলা হয়, সেদিকে লক্ষ্য রাখতে। পুলিশের তরফে মন্ত্রীকে আশ্বস্ত করা হয়েছে, আগামী দিনে সামাজিক দূরত্ব বজায় রাখা হবে।
লকডাউনের মাঝে পরিমাণ মতো সবজি পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ এসেছে অনেক জায়গা থেকে। কোথাও আবার অভিযোগ দাম বেশি নেওয়ার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছেন, রাজ্যের মানুষের খাদ্যের অভাব হবে না। সরকারের তরফে পর্যাপ্ত যোগান দেওয়া হবে। নিজে মাঝেমধ্যে বিভিন্ন বাজারে গিয়ে তদারকি করেছেন মুখ্যমন্ত্রী। সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ দিয়েছেন। ন্যায্য দামে সবজি ও অন্য নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রি করারও নির্দেশ দিয়েছেন তিনি। এই বিষয়ে লক্ষ্য রাখতে বলা হয়েছে প্রশাসনকে। কিন্তু তারপরেও যেন সবজি কিনতে সাধারণ মানুষের কোনও অসুবিধা না হয়, তার জন্য মন্ত্রীর উদ্যোগে চালু হল এই বাজার।