দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের অগ্নি নির্বাপন ও জরুরি পরিষেবাকে আরও উন্নত করার জন্য নতুন সিদ্ধান্ত নিয়েছে দমকল দফতর। চালু হচ্ছে দুটি মোবাইল কন্ট্রোল রুম ভ্যান। অর্থাৎ এবার কোথাও আগুন লাগলে ঘটনাস্থলের কাছেই অস্থায়ী কন্ট্রোল রুম খুলে পুরো বিষয়ের উপর নজর রাখা সম্ভব হবে। এছাড়াও ১২টি ওয়াটার বাউজার, ১০টি ব্রেকডাউন ভ্যানও আনা হয়েছে। চারটি নতুন ফায়ার স্টেশন তৈরি করার কাজও সম্পূর্ণ হয়েছে বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, আগামীকাল জেলা সফর থেকেই এই মোবাইল কন্ট্রোল রুম ভ্যানের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে ওই সময় বিকাশভবনের সামনে থাকবেন দমকলমন্ত্রী সুজিত বসু ও দফতরের অন্য আধিকারিকরা।
যে দুটি মোবাইল কন্ট্রোল রুম ভ্যান নিয়ে আসা হয়েছে তার মধ্যে অত্যাধুনিক ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম, ৩৬০ ডিগ্রি লাইটিং ব্যবস্থা ও ইনসিডেন্ট স্পট অবজারভেশন ক্যামেরা থাকছে। এই সব টেকনোলজির মাধ্যমে কোথাও আগুন লাগলে ভ্যান দুটিকে সেখানে রেখে অস্থায়ী কন্ট্রোল রুম হিসেবে কাজ করা সম্ভব হবে। ফলে আগুন নেভানোর ক্ষেত্রে অনেক সুবিধা পাবেন দমকল আধিকারিকরা। এই নতুন কন্ট্রোল রুমের জন্য ১ কোটি ৪৮ হাজার টাকা খরচ করা হয়েছে বলে খবর।
এই মোবাইল কন্ট্রোল রুম ছাড়াও ১২টি ওয়াটার বাউজার ও ১০টি মোবাইল ব্রেকডাউন ভ্যান আনা হয়েছে। এই ওয়াটার বাউজারগুলি ১৪ হাজার লিটার জল ধরে রাখার ক্ষমতা রাখে। এই বাউজারগুলি থেকে লো প্রেশারে প্রতি মিনিটে ৪০০ লিটার ও হাই প্রেশারে প্রতি মিনিটে ৩০০ লিটার জল নিক্ষেপ করা সম্ভব। ফোম জেনারেটর হিসেবেও এই গড়িগুলিকে ব্যবহার করা সম্ভব। এছাড়া কোনও গাড়ি দুর্ঘটনার কবলে পড়লে দ্রুত সেগুলি তুলে নিয়ে আসার জন্য ৫ টন লিফটিং ক্ষমতাসম্পন্ন ব্রেকডাউন ভ্যানগুলিও শিগগির কাজ শুরু করবে বলে জানানো হয়েছে।
চারটি নতুন ফায়ার স্টেশনও তৈরি করেছে রাজ্য সরকার। কোচবিহারের বক্সিরহাট, দক্ষিণ ২৪ পরগনার পূজালি, উত্তর দিনাজপুরের গোয়ালপোখর ও বীরভূমের সাঁইথিয়াতে চারটি ফায়ার স্টেশন তৈরি হয়ে গিয়েছে। ফলে কোথাও আগুন লাগলে সহজেই তা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে জানিয়েছে দমকল দফতর।