দ্য ওয়াল ব্যুরো: আগুনে পুড়ে ছাই হয়ে গেল বীরভূমের সিউড়ির কাপড়ের বাজার। মঙ্গলবার দুপুরে কোর্ট বাজারে আগুন লাগে। স্থানীয় ব্যবসায়ীদের দাবি, একশোর বেশি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। তাতে কয়েক লক্ষ টাকার জিনিস পুড়ে গেছে। বেশিরভাগ দোকানেই পয়লা বৈশাখের কথা ভেবে জিনিস মজুত করা হয়েছিল লকডাউন শুরুর আগে।
স্থানীয় সূত্রে জানা গেছে সিউড়ি শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন মীন ভবনের কাছে কোর্ট বাজারের কাপড়ের দোকানগুলোতে আগুন লেগে তা ছড়িয়ে পড়ে। রাস্তার দু’ধারে অন্তত একশটি দোকানে সেই আগুন ছড়িয়ে পড়ে। কাপড়ের দোকান ছাড়াও সেখানে মোবাইল ফোনের দোকান, জুতো, ঘড়ি, চশমা প্রভৃতির দোকানও ছিল। সেগুলিও পুরোপুরি পুড়ে গেছে।
এদিন দুপুর পৌনে দুটো নাগাদ প্রথম আগুন দেখা যায়। দোকানগুলি অস্থায়ী, সেগুলি কাঠ, বাঁশ, প্লাস্টিক, টিন প্রভৃতি দিয়ে তৈরি। গুমটির মতো দোকানগুলির মাঝে কোনও ব্যবধান ছিল না। সেগুলির ভিতরে ছিল শাড়ির মতো দাহ্য জিনিস তাই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। সময় মতো দমকলের গাড়ি হাজির হয়ে গেলেও রাস্তা সংকীর্ণ হওয়ার জন্য তারা ঘটনাস্থলে পৌঁছতে পারেনি। দমকল বাহিনী ঘণ্টা তিনেকের চেষ্টায় আগুন নিভিয়ে ফেলে।
কী ভাবে আগুন লাগল তা নিয়ে ধন্দে সবাই। ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে।
লকডাউনের আগে চৈত্র সেলের জন্য বহু টাকার জামা কাপড় মজুত করা হয়েছিল। দোকান বন্ধ থাকায় কিছুই বিক্রি হয়নি। সবই পুড়ে ছাই হয়ে যাওয়ায় মাথায় হাত ব্যবসায়ীদের। স্থানীয় ব্যবসায়ী শেখ মিরাজ শেখ রাহুল বলেন, “দুপুরে হঠাৎ কিছু বোঝার আগেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে একটি দোকান থেকে আরেকটি দোকানে। সম্ভবত ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে বলে মনে হচ্ছে। এখন বাজার বন্ধ থাকলেও বহু দোকানে অনেক মালপত্র মজুত ছিল। কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়ে গেল।”
একে লকডাউনের ফলে বিপুল ক্ষতি তার উপরে পুরনো মজুত বিক্রি করে যেটুকু আয়ের আশা ছিল তাও নষ্ট হয়ে গেল।