দ্য ওয়াল ব্যুরো: লকডাউনের মধ্যেই পূর্ব মেদিনীপুরের তমলুক ও হলদিয়া মহকুমায় বোরো ধান তোলার কাজ শুরু করে দিলেন কৃষকরা। ধান কাটার মরসুম শুরু হতে এখনও দিন দশেক বাকি আছে। তা সত্ত্বেও বেশির ভাগ জায়গার চাষিরা ধান তোলার কাজ শুরু করে দিয়েছেন। নির্ধারিত সময়ের আগে ফসল তোলায় লোকসানের আশঙ্কা রয়েছে যথেষ্ট।
এই এলাকার বেশির ভাগ মানুষ কৃষিজীবী। পান ও ধান চাষের উপর নির্ভর করে সংসার চালাতে হয়। লকডাউনের ফলে পান বিক্রি বন্ধ। হাতে টাকার টান। তাই সময়ের আগে ধান কেটে ফেলছেন তাঁরা। কিছুটা ধান তাঁরা রেখে দেবেন নিজেরা খাওয়ার জন্য আর বাকিটা বিক্রি করে কিছু টাকা পেলে তা দিয়ে তাঁরা সংসার চালাতে পারবেন।
তাড়াতাড়ি ধান কেটে ফেলার আরেকটি কারণ হল আবহাওয়া। আবহাওয়ার খামখেয়ালিপনায় কৃষকরা আতঙ্কিত। জেলার বেশ কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত ভাবে শিলাবৃষ্টি হয়েছে। এবার ভয়ঙ্কর ভাবে কালবৈশাখী দেখা দিলে সব ধান মাঠেই নষ্ট হয়ে যেতে পারে। এই পরিস্থিতিতে যাতে কোনও ফসল নষ্ট না হয় সেজন্য তাঁরা ধান কেটে ফেলছেন। তাতে কিছুটা লোকসান হলেও পুরোটা লোকসানের আশঙ্কা নেই।
মহিষাদল ব্লকের কৃষি আধিকারিক কাজলকৃষ্ণ বর্মন বলেন, "কৃষকরা দশ থেকে পনেরো দিন আগে ধান তুলে নিচ্ছেন আবহাওয়া খারাপ হওয়ার আশঙ্কায়। এর ফলে বিঘাপ্রতি উৎপাদন পাঁচ মন করে কম হবে।" মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই আশ্বস্ত করেছেন যে লকডাউনের মধ্যে লোক জন একজায়গায় জড়ো না হয়ে ধান কাটতে বা তুলতে পারেন। সেক্ষেত্রে প্রশাসন থেকে বাধা দেওয়া হবে না। সেই সুযোগটাই কাজে লাগানোর চেষ্টা করছেন পূর্ব মেদিনীপুরের কৃষকরা এমনকি লোকসান হবে জেনেও।