দ্য ওয়াল ব্যুরো : বুধবার বাইক দুর্ঘটনায় মাথায় মারাত্মক চোট পান বর্ধমানের মেমারির যুবক চিন্ময় ঘোষ। সোমবার সন্ধেবেলা চিকিৎসকরা ঘোষণা করেন, ব্রেনডেথ হয়েছে তাঁর। তারপরেই পরিবারের লোকেরা সিদ্ধান্ত নেন, অঙ্গদান করবেন চিন্ময়ের। সোমবার রাতেই হার্ভেস্টিং ( অঙ্গগ্রহণের প্রক্রিয়া ) শুরু হয়েছে।
জানা গিয়েছে, বুধবার সকালে মেমারিতেই বাইক দুর্ঘটনা হয় একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত চিন্ময়ের। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিক্যাল কলেজের নিউরো বিভাগের সঙ্গে যুক্ত হাসপাতাল 'অনাময়'-এ। সেখানে চিকিৎসকরা বলেন তাঁকে কলকাতা নিয়ে যেতে হবে। সঙ্গে সঙ্গে চিন্ময়কে বুধবারই কলকাতার পার্ক ক্লিনিকে ভর্তি করা হয়। রাতেই অস্ত্রোপচার করা হয় তাঁর।
হাসপাতালের তরফে জানানো হয়েছে, অস্ত্রোপচারের পর থেকে জ্ঞান ফিরছিল না চিন্ময়ের। সোমবার সন্ধ্যায় চিকিৎসকরা জানিয়ে দেন, ব্রেনডেথ হয়েছে তাঁর। তারপরেই পরিবারের লোকেরা অঙ্গদানের সিদ্ধান্ত নেন। চিন্ময়ের আত্মীয় অরুনাভ মিত্র বলেন, "চিন্ময়ের বাড়িতে বৃদ্ধা মা, স্ত্রী ও একটা ১১ বছরের ছেলে আছে। ওর ব্রেনডেথ হওয়ার পর আমরাই বলি অঙ্গদান করব। তারপর স্বাস্থ্যভবনের সঙ্গে কথা বলা হয়। ওখানকার প্রতিনিধিরা এসে দেখে যান। কাগজপত্রের কাজ মিটে যাওয়ার পর অঙ্গ নেওয়ার কাজ শুরু হয়েছে।"
স্বাস্থ্যভবন সূত্রে খবর, চিন্ময়ের হৃদযন্ত্র, লিভার, কিডনি, চোখ ও ত্বক সংগ্রহ করা হচ্ছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, হৃদযন্ত্র যাবে কলকাতা মেডিক্যাল কলেজে। ত্বক, লিভার, চোখ ও একটা কিডনি এসএসকেএম হাসপাতালে পাঠানো হবে। অন্য কিডনি নিয়ে যাওয়া হবে অ্যাপোলো হাসপাতালে। জানা গিয়েছে, ভোরের মধ্যে অঙ্গ নিয়ে গিয়ে প্রতিস্থাপনের কাজ শুরু হবে। কিন্তু কার কার শরীরে এই অঙ্গ প্রতিস্থাপন হবে, সে ব্যাপারে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।