দ্য ওয়াল ব্যুরো: দেশজোড়া লকডাউনের মাঝে প্রত্যেক দিন ২৮০০ মানুষের মুখে খাবার তুলে দিচ্ছে বর্ধমান ফুডিস ক্লাব নামে একটি ফেসবুক গ্রুপ। শুধু তাই নয়, বর্ধমান সদর শহর ও সংলগ্ন এলাকার ৪০০ পরিবারকে দত্তক নিয়েছে ফেসবুক গ্রুপটি। এই গ্রুপের সদস্য সংখ্যা সত্তর হাজারেরও বেশি। সদস্যরা রাজ্যের ত্রাণ তহবিলেও ইতিমধ্যে এক লক্ষ টাকা দান করেছেন।
সারবছর খাবার নিয়ে নানা ধরনের আলোচনা চলে এই গ্রুপে। তবে আর পাঁচটা ফেসবুক গ্রুপের সঙ্গে এই গ্রুপের পার্থক্য রয়েছে। সারা বছর ধরেই বিয়েবাড়ি, অন্নপ্রাশন থেকে শ্রাদ্ধবাড়ি – এক কথা বিভিন্ন ভোজবাড়িতে বেঁচে যাওয়া খাবার এঁরা সংগ্রহ করে পৌঁছে দেন তাঁদের কাছে যাঁদের খাবার প্রয়োজন। নিজেদের খরচে তাঁরা খাবার পৌঁছে দেন নিরন্নদের কাছে। লকডাউনের জেরে এঁদের কাজেও ব্যাঘাত ঘটেছিল। তা বলে থেমে থাকেননি ওঁরা। সম্ভবত এই ক’দিন তাঁরা কাজ করেছেন তৎপরতার সঙ্গে। লকডাউনের মধ্যে কখনও দুপুরে ভাত-ডাল-সব্জি জোগাচ্ছেন নিরন্নদের। কখনও আবার তাঁদের জন্য দিন মাংস ভাতের ব্যবস্থাও করছেন। কোথাও তাঁরা রাতে রুটি ও তরকারির বন্দোবস্ত করছেন। কেউ অভুক্ত রয়েছেন জানতে পারলেই তাঁরা পৌঁছে দিচ্ছেন খাবার।
দত্তক নেওয়ার ধারনা অবশ্য একেবারে অন্যরকম। চারশো পরিবারের পুরো দায়িত্ব নিয়েছে বর্ধমান ফুডিস ক্লাব। এই পরিবারগুলিতে চাল ডাল তেল নুন সব্জি এমনকি শিশুদের দুধও জোগাচ্ছেন তাঁরাই। বিস্কুটের মতো শুকনো খাবারের পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য মাস্ক ও স্যানিটারি ন্যাপকিনের জোগানও তাঁরা দিচ্ছেন। নিয়ম করে তাঁরা জিনিস সরবরাহ করে আসছেন। ফুরিয়ে গেল ফের পরের কিস্তি।