দ্য ওয়াল ব্যুরো: চতুর্থ দফার নির্বাচন থেকেই রাজ্যের সব বুথে ১০০ শতাংশ কেন্দ্রীয় বাহিনী রাখার সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন। পঞ্চম দফাতেও তার অন্যথা হলো না। নির্বাচন কমিশন সূত্রে খবর, এই দফায় সাতটি লোকসভা কেন্দ্রে মোট ৫৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে। প্রথমে জানানো হয়েছিল ৫২৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আনা হয়েছে। পরে আরও দু'কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আনিয়েছে কমিশন। শুধুমাত্র ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের জন্য মোতায়েন থাকবে এই অতিরিক্ত দু'কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
কমিশন সূত্রে খবর, ভোট ঘোষণার পর থেকেই ব্যারাকপুর শিল্পাঞ্চলের আবহাওয়া উত্তপ্ত। মাঝেমধ্যেই তৃণমূল-বিজেপি সংঘর্ষ হচ্ছে। কয়েক দিন আগেই দু'দলের সংঘর্ষের ফলে আগুন জ্বলেছে অনেক জায়গায়। বিজেপি অভিযোগ করছে, হার নিশ্চিত জেনে গোলমাল পাকানোর চেষ্টা করছে শাসক দল। অন্যদিকে তৃণমূলের অভিযোগ, বিজেপির উস্কানিতেই সেখানে সংঘর্ষ হচ্ছে। এই পরিস্থিতিতে ঝুঁকি নিতে রাজি নয় কমিশন। তাই বাড়ানো হয়েছে আধাসেনা। জানা গিয়েছে, ওই দুই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কুইক রেসপন্স টিমের কাজ করবে। অর্থাৎ ব্যারাকপুরের জন্য আরও কুড়িটি কুইক রেসপন্স টিম থাকছে।
সোমবার পঞ্চম দফার ভোটে মোট সাতটি কেন্দ্রে হবে ভোটগ্রহণ। কেন্দ্রগুলি হলো, বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি ও আরামবাগ। এই কেন্দ্রগুলির মধ্যে মধ্যে সব দলেরই কিছু হেভিওয়েট প্রার্থী রয়েছেন। তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়, প্রসূন বন্দ্যোপাধ্যায়, মমতাবালা ঠাকুর, দীনেশ ত্রিবেদী, রত্না দে নাগের মতো প্রার্থী যেমন রয়েছেন, তেমনই বিজেপির অর্জুন সিং, লকেট চট্টোপাধ্যায়ের মতো প্রার্থীরাও রয়েছেন। ফলে তৃণমূল-বিজেপি দু'দলের কর্মী-সমর্থকরা সক্রিয় থাকবেন। আর তাতে যেন কোনও উত্তেজনা বা হিংসার ঘটনা না ঘটে তার জন্য তৎপর রয়েছে নির্বাচন কমিশন।
পঞ্চম দফার ভোটে বনগাঁ কেন্দ্রে বুথের সংখ্যা ১৮৯৯। ব্যারাকপুর কেন্দ্রে ১৫৬৭। হাওড়া কেন্দ্রে ১৮৬৮। উলুবেড়িয়া কেন্দ্রে ১৮২৬। শ্রীরামপুর কেন্দ্রে বুথের সংখ্যা ২০৩৩। হুগলি কেন্দ্রে ২০৩৯। আরামবাগে বুথের সংখ্যা ২০৫৮। অর্থাৎ এই দফায় মোট বুথের সংখ্যা ১৩ হাজার ২৯০টি। প্রতিটি বুথেই আধাসেনা মোতায়েন থাকবে বলে জানানো হয়েছে। এ ছাড়াও প্রতিটি থানা পিছু থাকবে দুটি করে কুইক রেসপন্স টিম। যে কোনও রকমের দরকার পড়লে দ্রুত সাহায্যের জন্য পৌঁছে যাবে তারা।
আরও পড়ুন
https://www.four.suk.1wp.in/newa-state-mamata-banerjee-says-some-of-tmc-leaders-are-corrupt/