মধুরিমা রায়
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর কয়েক দশকের সম্পর্ক। সেই যুব কংগ্রেসের সময় থেকে। তারপর ৯৮ সালের পয়লা জানুয়ারি তৃণমূল তৈরি হওয়ার সময় থেকে তিনিও তৃণমূলে। তাঁর সাংগঠনিক দক্ষতাও দিদির মার্কশিটে প্রশংসা পেয়েছে বারবার। অনেকেই বলেন, হাওড়ার মতো রাজনৈতিক ভাবে সচেতন একটি কেন্দ্রে রাজনীতিতে আনকোরা প্রসূন বন্দ্যোপাধ্যায়কে যখন মমতা প্রার্থী করেন, তখনও তাঁর ভরসা ছিল অরূপ পারবে। সেই তৃণমূলের হাওড়া জেলার সভাপতি তথা রাজ্যের মন্ত্রী অরূপ রায় সোজাসুজি বলে দিলেন, “বামেদের ভোট বিজেপি-তে গেলেও এখানে কিছু হবে না। হাওড়ায় জিতবে তৃণমূলই।” তাঁর কথায়, “গত বেশ কয়েকটি ভোটেই দেখা গিয়েছে, বামেদের যত ভোট কমেছে, বিজেপি-র তত ভোট বেড়েছে। তবে হাওড়ায় এর কোনও প্রভাব পড়বে না।”
নিজে আইনজীবী। হাওড়া কোর্টই একসময়ে ছিল তাঁর কাজের জায়গা। তাই বাড়ি ভর্তি আইনের বই। তার মাঝে বসেই দ্য ওয়াল-কে একান্ত সাক্ষাৎকার দিলেন মধ্য হাওড়ার বিধায়ক। এমনিতেই হাওড়া কেন্দ্রে প্রচুর অবাঙালি ভোটার। সালকিয়া, নন্দীবাগান, এসি মার্কেট, ঘাসবাগান, গোলাবাড়ি— সিংহভাগ হিন্দিভাষী ভোটার। অনেকের মতে যা বিজেপি-র স্বাভাবিক ভোট ব্যাঙ্ক। এই কেন্দ্রে সাংবাদিক রন্তিদেব সেনগুপ্তকে প্রার্থী করেছে বিজেপি। তাঁর মনোনয়নে ব্যাপক সংখ্যায় মানুষর মিছিল হয়েছিল। কিন্তু ও সবকে পাত্তাই দিতে চাইছেন না সমবায়মন্ত্রী। স্পষ্ট বলে দিলেন, “চব্বিশ ঘণ্টার নোটিসে আমরা ৪৫ হাজার লোকের মিছিল করতে পারি। কিন্তু ও দিয়ে ভোট হয় না। মানুষ ঠিক করে নিয়েছে কাকে ভোট দেবেন।”
শুধু কাকে নয়। কেন তৃণমূলকে ভোট দেবেন মানুষ, তাও গড়গড় করে বলে গেলেন কলকাতার যমজ শহরের মমতার আস্থাভাজন নেতা। পুরসভার কাজ, সরকারের বিভিন্ন উন্নয়ন, বাম জমানায় ধ্বংস হয়ে যাওয়া শিল্পের গরিমা ফিরিয়ে আনতে নতুন শিল্পস্থাপন-সহ একাধিক সরকারি প্রকল্পের কথা উল্লেখ করে অরূপবাবু আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়ে দিলেন, হাওড়ার মানুষ আস্থা রাখবেন দিদির উন্নয়নেই।
এ বারও প্রসূন বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করায়, তৃণমূলের অনেকেই বলেছিলেন, ‘আবার প্রসূন!’ কিন্তু অনেকেই আবার বলেন, প্রসূনকে ওখানে প্রার্থী করা হয়েছে অরূপ রায়ের ভরসাতেই। কারণ তিনিই সংগঠনের স্পাইনাল কর্ড। অন্য নেতারা বুকের বাঁদিকে তৃণমূলের প্রতীক লাগান। অরূপ বাবু ডানদিকে। নিজের চেম্বারে বসে সেই মেরুদণ্ড জানিয়ে দিলেন, আবার প্রসূন দিল্লির পথে।
https://www.youtube.com/watch?v=Gyq-yg-vRSo&feature=youtu.be