শেষ আপডেট: 11 January 2020 06:28
তিনি বলেন, “তবুও শূন্যতা থাকবে! যিনি আমাকে ‘জনসেবাই প্রভু সেবা’র মহৎ নীতিটি শিখিয়েছিলেন সেই শ্রদ্ধেয় স্বামী আত্মস্থানন্দজি এখন আর নেই। রামকৃষ্ণ মিশনে গিয়ে তাঁর পবিত্র সান্নিধ্য না পাওয়াটা অকল্পনীয়।”
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হতে পারে বলে জোর গুঞ্জন। মনে করা হচ্ছে তাঁদের একই মঞ্চে দেখা যাবে। আজ ও কাল এ রাজ্যে তাঁর ঠাসা অনুষ্ঠান।
মূলত, রবিবার কলকাতা বন্দর কর্তৃপক্ষের একটি অনুষ্ঠানে যোগ দিতে আসছেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে বেলুড় মঠে রামকৃষ্ণ মিশনেও তাঁর যাওয়ার কথা। শনিবার রাতে কলকাতায় এসে তিনি রাজভবনেই থাকবেন।
নবান্নের এক আমলা জানিয়েছেন, প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি কোনও রাজ্য সফরে এলে সেখানকার সরকারের কিছু প্রোটোকল বা সৌজন্য মানতে হয়। যেমন, বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানাতে সরকারের কোনও মন্ত্রী যান। প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি রাজভবনে থাকলে তাঁর সঙ্গে একবার সৌজন্য সাক্ষাৎ করতে যান মুখ্যমন্ত্রী। স্বাভাবিক ভাবেই দেশ ও রাজ্যের প্রশাসনিক দুই শীর্ষ ব্যক্তির সাক্ষাৎ হলে আলোচনায় একাধিক প্রসঙ্গ ও সমস্যার কথা উঠে আসে। এটাই যুক্তরাষ্ট্রীয় কাঠামোর দস্তুর। সেই সুবাদে কাল রাজভবনে মোদী-মমতা সৌজন্য বৈঠক বা সাক্ষাতের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
অন্যদিকে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি রাজভবনে রাত্রিযাপন করলে তাঁর জন্য বিশেষ নৈশভোজের আয়োজন করাও বহুদিনের রীতি। অতীতে মনমোহন সিংহ কলকাতা সফরে এলে বা রাষ্ট্রপতি হিসাবে প্রণব মুখোপাধ্যায় কলকাতা সফরে এলে তৎকালীন রাজ্যপালরা তাই করতেন। অনেক সময় মুখ্যমন্ত্রীও ওই নৈশভোজে নিমন্ত্রিত থাকতেন। তা ছাড়া প্রণববাবু রাজভবনে থাকলে নবান্ন থেকে ফেরার সময় একবার তাঁর সঙ্গে দেখা করে যেতেন মমতাও।