দূষণে কলকাতায় শ্বাসকষ্ট বেড়েছে, কতটা বেড়েছে, কী তার প্রভাব, পড়ুন
দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি সমীক্ষায় জানা গিয়েছে বায়ুদূষণে বিশ্বে পাঁচ নম্বরে রয়েছে কলকাতা। আর শহরের এই দূষণের সবথেকে বেশি প্রভাব পড়েছে মানুষের স্বাস্থ্যে। দূষণের ফলে গত দু'মাসে কলকাতায় অনেকটাই বেড়েছে শ্বাসকষ্টের সমস্যা। এক সমীক্ষায় উঠে এসেছে
শেষ আপডেট: 16 November 2019 14:00
দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি সমীক্ষায় জানা গিয়েছে বায়ুদূষণে বিশ্বে পাঁচ নম্বরে রয়েছে কলকাতা। আর শহরের এই দূষণের সবথেকে বেশি প্রভাব পড়েছে মানুষের স্বাস্থ্যে। দূষণের ফলে গত দু'মাসে কলকাতায় অনেকটাই বেড়েছে শ্বাসকষ্টের সমস্যা। এক সমীক্ষায় উঠে এসেছে এমনই তথ্য। চিকিৎসকদের বক্তব্য এই শ্বাসকষ্ট বাড়ার পিছনে সবথেকে বড় কারণ বায়ুদূষণ।
এই তথ্য অনুযায়ী, গত গ্রীষ্মকালীন সিজনে শ্বাসকষ্ট নিয়ে যত রোগীর দেখা মিলেছিল তা এই সিজনে একলাফে বেড়ে গিয়েছে ৭০ শতাংশ। আর এই ৭০ শতাংশ আক্রান্তের মধ্যে ৩০ শতাংশ একেবারেই সুস্থ-স্বাভাবিক মানুষ। অর্থাৎ এই ৩০ শতাংশ মানুষের এর আগে ফুসফুসজনিত সমস্যার কোনও ঘটনা নেই। অথচ দূষণ বাড়ায় এই মানুষগুলোই আক্রান্ত হয়ে পড়েছেন।
এই প্রসঙ্গে বিশিষ্ট শ্বাসকষ্ট রোগ বিশেষজ্ঞ ( পালমনোলজিস্ট ) রাজা ধর বলেন, "দূষণ রোগের মাত্রা বিপজ্জনকভাবে বাড়িয়ে দিয়েছে। কোনও রকম রোগ ছিল না, এমন মানুষও উল্লেখযোগ্য সংখ্যায় আক্রান্ত হচ্ছেন। কেস হিস্ট্রি নিতে গিয়ে দেখছি আক্রান্ত রোগীর প্রায় এক তৃতীয়াংশ একেবারেই সুস্থ স্বাভাবিক মানুষ। যাঁরা হটাৎ করেই ফুসফুসজনিত কারণে অসুস্থ হয়েছেন। এটার জন্য দায়ী আরপিএম। এই দূষণের কারণেই শ্বাসনালী সংকোচন ও সংক্রমণের সমস্যা বাড়ছে।"
চেস্ট মেডিসিন বিশেষজ্ঞ অনির্বাণ বিশ্বাসের বক্তব্য, "আমরা সচেতন নই। প্রশাসনও সঠিক ভূমিকা নেয় না। বাতাসে ধোঁয়া, ধুলো, বিষাক্ত গ্যাস বাড়ছে। আর পাল্লা দিয়ে বাড়ছে ফুসফুসের সমস্যা। বহুতল নির্মাণ, রাস্তার কাজ, গাড়ির ধোঁয়া, শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র সবই চলছে খেয়ালখুশি মতো। খেসারত তো দিতেই হবে।"
চিকিৎসক সংগঠন যে তথ্য দিচ্ছে তা অনুযায়ী দেশের ৩.৫ শতাংশ মানুষ ফুসফুসের সমস্যায় ভুগছেন। এই সংখ্যাটা প্রায় তিন কোটি ৭০ লক্ষ। নথিভুক্ত তথ্যের তুলনায় আসল সংখ্যাটা সাধারণত বেশিই হয়ে থাকে। আর নথিভুক্ত এই সংখ্যার ৭ থেকে ৮ শতাংশ অর্থাৎ প্রায় ৩০ লক্ষ মানুষ পশ্চিমবঙ্গের বলেই জানিয়েছে এই সংগঠন। এই আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়া এক অশনি সঙ্কেতের ইঙ্গিত বলেই জানাচ্ছে চিকিৎসক মহল।
স্কাইমেট নামে একটি বেসরকারি আবহাওয়া বিশেষজ্ঞ সংস্থা গোটা পৃথিবীর বায়ুদূষণের মাত্রা নিয়ে একটি সমীক্ষা করেছে। তাদের সেই সমীক্ষায় দেখা যাচ্ছে, ভারতের রাজধানী শহর দিল্লিতে বায়ুদূষণ সব থেকে বেশি। পাঁচ নম্বরে রয়েছে কলকাত। দিল্লির এয়ার কোয়ালিটি ইন্ডেক্স হল (একিউআই) ৫২৭। কলকাতার একিউআই হল ১৬১।
https://twitter.com/SkymetAQI/status/1195344841976115202?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1195344841976115202&ref_url=https%3A%2F%2Fwww.four.suk.1wp.in%2Fnews-national-delhi-worlds-most-polluted-city-kolkata-is-in-fifth-position-says-skymet-2019%2F
দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের এক বিশেষজ্ঞের কথায়, কলকাতা বায়ুদূষণের নিরিখে গোটা পৃথিবীর মধ্যে পঞ্চম স্থানে রয়েছে। এটুকু শুনেই সাধারণের বোঝা উচিত বিপদ ঘণ্টা বাজছে এখানেও। তাই জ্বালানির ব্যবহার ইত্যাদি নিয়ে সকলকে এখনই সতর্ক হতে হবে।