দ্য ওয়াল ব্যুরো: করোনা আবহেও রমরমিয়ে চলছে শিক্ষা প্রতিষ্ঠান। গোটা দেশের প্রায় সর্বত্র যখন সংক্রমণ রোখার জন্য স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে সেই সময়েই এ রাজ্যে সরকারি নির্দেশের তোয়াক্কা না করে কার্যত বিধিনিষেধকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে এই প্রতিষ্ঠান। আর এমন বেআইনি কাজ হচ্ছে সাঁকরাইল থানার ধূলাগড় নিউ রোডের 'ই কিউব কেরিয়ার ইন্সটিটিউট' নামে একটি প্রতিষ্ঠানে। শুধু ক্লাস হয়েই শেষ নয়, ছাত্রছাত্রীদের রাখা হয়েছে হস্টেলেও। অন্তত ১০০ জন ছাত্রছাত্রী এখানকার হস্টেলে রয়েছে।
জানা গিয়েছে, প্রতিদিনই ক্লাস নেওয়া হচ্ছে এই শিক্ষা প্রতিষ্ঠানে। সামাজিক দূরত্বে বিধিনিষেধ শিকেয় উঠেছে। ন্যূনতম নিয়মটুকু মানার বালাই নেই। মাস্ক নেই অনেক পড়ুয়ার মুখে। একই বেঞ্চে ঠাসাঠাসি করে বসে ক্লাস করছে তারা। টিচার ইনচার্জকে এ প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে তিনি বলেছেন, ছাত্রছাত্রীদের অভিভাবকদের থেকে অনুমতি নিয়েই নাকি চলছে ক্লাস। অথচ এই ঘটনায় তীব্র আপত্তি রয়েছে এলাকার বাসিন্দাদের। সরকারি বিধিনিষেধ সত্ত্বেও কীভাবে এমনটা চলছে দিনের পর দিন সেটাই বুঝতে পারছেন না তাঁরা। স্থানীয়দের অভিযোগ, প্রতিবাদ করেও কোনও লাভ হয়নি।
এদিকে ঘটনা জানাজানি হতেই ওই শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছয় সংবাদ মাধ্যম। আর তাতেই কার্যত হুড়োহুড়ি পড়ে যায়। সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখেই তড়িঘড়ি ছাত্রছাত্রীদের ক্লাসরুম থেকে বের করে হস্টেলে পাঠিয়ে দেওয়া হয়েছে। সংবাদমাধ্যমকে ছবি তুলতে বাধা দেওয়া হয়েছে। এমনকি ক্যামেরার সামনে মুখ খুলতে বারণ করা হয়েছে ছাত্রছাত্রীদের। এই ঘটনা প্রসঙ্গে ধূলাগড়ের পঞ্চায়েত প্রধান তাহেরা লস্কর জানিয়েছেন, এলাকায় যে এভাবে সরকারি নিয়মের পরোয়া না করে শিক্ষা প্রতিষ্ঠান চালানো হচ্ছে তা তিনি জানতেন না। কেন এভাবে শিক্ষা প্রতিষ্ঠান চালানো হচ্ছে তা খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। এদিকে খবর পেয়ে আজ ঘটনাস্থলে আসে পুলিশ। ইতিমধ্যেই ওই শিক্ষা প্রতিষ্ঠানের কর্ণধার-সহ মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।