লকডাউনের মধ্যে জমায়েত ভাঙতে গিয়ে নন্দকুমারে আক্রান্ত পুলিশ, গাড়ি ভাঙচুর, হাসপাতালে ভর্তি দুই পুলিশকর্মী
দ্য ওয়াল ব্যুরো: দেশ জুড়ে লকডাউনের মধ্যে জমায়েত ভাঙতে গিয়ে পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে আক্রান্ত হল পুলিশ। এই ঘটনায় তিন জন পুলিশ কর্মী আহত হয়েছেন যাঁদের মধ্যে দু’জন হাসপাতালে ভর্তি। পুলিশ এখনও পর্যন্ত পাঁচ জনকে আটক করেছে। বাকিদের খোঁজে তল্
শেষ আপডেট: 26 March 2020 17:35
দ্য ওয়াল ব্যুরো: দেশ জুড়ে লকডাউনের মধ্যে জমায়েত ভাঙতে গিয়ে পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে আক্রান্ত হল পুলিশ। এই ঘটনায় তিন জন পুলিশ কর্মী আহত হয়েছেন যাঁদের মধ্যে দু’জন হাসপাতালে ভর্তি। পুলিশ এখনও পর্যন্ত পাঁচ জনকে আটক করেছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে গ্রামে।
নন্দকুমারের বাসুদেবপুরের লোহজংয়ে একটি বন্ধ দোকানের বাইরে দালানে বেশ কয়েকজন স্থানীয় লোক তাসের আসর বসিয়েছিল। করোনাভাইরাসের সংক্রমণ রুখতে যখন দেশজুড়ে লকডাউন চলছে তখন তারই মধ্যে সেখানে ভিড় করে আরও কয়েক জন তাস খেলা দেখছিল। থানার টহলদারি গাড়ি এসে সকলকেই সেখান থেকে নিজেদদের ঘরে চলে যেতে বলে। একথা বলার পরে উপস্থিত লোকজন বলে যে তারা এখনি যে যার বাড়িতে চলে যাবে। একথা শুনে পুলিশও চলে যায় অন্যত্র টহল দিতে।
টহল দিতে দিতে মিনিট পনেরো পরে ফের ওই জায়গায় এসে পুলিশকর্মীরা দেখেন যে আরও বেশি লোকের জমায়েত হয়েছে। তখন পুলিশ তাদের দিকে তেড়ে গেলে শুরু হয় বচসা। আচমকাই জমায়েত থেকে পুলিশকে লক্ষ্য করে ইঁট ছোড়া শুরু হয়। তিনজন পুলিশকর্মী তাতে আহত হন। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি।

খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে ব়্যাফ ও বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থল থেকেই আটক করা হয় তিন জনকে। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয় আহত তিন পুলিশকর্মীকে। তাঁদের মধ্যে এক জনকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হলেও দু’জনকে নন্দকুমার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
বিশাল পুলিশ বাহিনী দেখে জমায়েতকারীরা ছত্রভঙ্গ হয়ে পালাতে শুরু করে। তারা যে যার বাড়িতে ঢুকে পড়ে। পরে গ্রামে পুলিশ ও ব়্যাফ তল্লাশি করে আরও দু’জনকে আটক করে। বাকিদের খোঁজে গ্রামে তল্লাশি চলছে।
ঘটনার গতিপ্রকৃতি দেখে পুলিশের প্রাথমিক অনুমান যে আদপে তারা জুয়া খেলছিল। তাই সরে যেতে বলায় তারা মারমুখী হয়ে ওঠে। জুয়ার আসর বসেছিল বলেই ভিড় ক্রমে বাড়ছিল।
দেশজুড়ে লকডাউন শুরু হওয়ার পর থেকেই পূর্ব মেদিনীপুরে সক্রিয় পুলিশ। পুলিশের তৎপরতা দেখে খুশি সাধারণ মানুষ।