দ্য ওয়াল ব্যুরো: টানা বৃষ্টির পূর্বাভাসের কথা জেনে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে ২৩ হাজার কিউসেক জল ছাড়ার সিদ্ধান্ত নিল দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি)। মঙ্গলবার তারা জানিয়েছে, জলাধারের ছটি স্লুইস গেট খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ইতিমধ্যে তা খোলাও হয়ে গেছে।
অবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েক দিন টানা বৃষ্টি হতে পারে। ডিভিসি সূত্রে জানা গেছে সে কথা জেনে আগে থেকে সতর্কতামূলক পদক্ষেপ করেছে ডিভিসি কর্তৃপক্ষ। জলাধারগুলিতে এখন পর্যাপ্ত পরিমাণে জল রয়েছে। টানা কয়েক দিন বৃষ্টি হলে একসঙ্গে অনেকটা জল ছাড়ার প্রয়োজন হতে পারে। অনেক জায়গাতেই দামোদরের নদীখাত অগভীর হয়ে গেছে। ফলে প্লাবনের আশঙ্কা তৈরি হয়। তাই আগে থেকে জল ছাড়ার সিদ্ধান্ত।
প্রতি বছরই দামোদরের জলে তার নিম্ন অববাহিকা অর্থাৎ হাওড়ার বিস্তীর্ণ এলাকা ও হাওড়া সংলগ্ন হুগলি জেলার একাংশ প্লাবিত হয়ে যায়। বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়। ঝাড়খণ্ডে বৃষ্টি বেশি হলেও অনেক সময় হাওড়া জেলার অন্তর্গত দামোদর অববাহিকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়। তাই একবারে জল না ছেড়ে দফায় দফায় ছাড়তে চাইছে ডিভিসি।
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের ফলে বৃষ্টি চলছে আজ মঙ্গলবার। আগামী কাল বুধবারও প্রবল বৃষ্টি হতে পারে। ইতিমধ্যেই সমুদ্র উত্তাল হতে শুরু করেছে। তাই আজ ৪ অগস্ট ও কাল ৫ অগস্ট এই দুদিন সমুদ্রের উপকূলে যেতে নিষেধ করা হয়েছে। দীঘা ও মোহনা উপকূল থানার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে সমুদ্রে স্নান তো বটেই সৈকতে ঘোরাও বন্ধ। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুরু হয়েছে মাইকে করে এলাকায় প্রচার।
নিম্নচাপ আরও শক্তিশালী হওয়ায় সোমবার রাত থেকেই শুরু হয়েছে টানা বর্ষণ। মঙ্গলবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিও বেড়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কোথাও কোথাও ভারী থেকে মাঝারি বৃষ্টি হয়েছে দুপুরের দিকে। সকাল থেকে সূর্যের মুখ দেখা যায়নি। বৃহস্পতিবারও একই ধরনের পরিস্থিতি থাকতে পারে বলে আবহাওয়া দফতর থেকে আভাস দেওয়া হয়েছে। রাজ্যের একেবারে উত্তরের জেলাগুলোতেও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।
টানা বৃষ্টির জেরে ইতিমধ্যেই তাপমাত্রা বেশ কিছুটা কমে গেছে। গত কয়েক দিনের গুমোট ভাবও কেটে গেছে। তাতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন রাজ্যবাসী। তবে দামোদর উপত্যকায় টানা বৃষ্টি হলে সমস্যায় পড়তে পারে নিম্ন অববাহিকার জেলাগুলো। এর ফলে প্লাবিত হতে পারে বিস্তীর্ণ এলাকা।