করোনা: কলকাতা মেডিক্যালে চিকিৎসক-নার্সদের টানা ৭ দিন ডিউটি, থাকতে হবে কোয়ারেন্টাইনেও
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা মেডিক্যাল কলেজে যাঁরা করোনা সংক্রান্ত চিকিৎসার সঙ্গে যুক্ত থাকবেন তাঁদের সাতদিনের জন্য টানা কাজের ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ সাতদিন ধরে চলবে ওয়ার্ক শিডিউল। ডিউটি শেষ হওয়ার পর এই কাজে যুক্ত সমস্ত চিকিৎসক-নার্স এবং অন্
শেষ আপডেট: 28 March 2020 10:43
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা মেডিক্যাল কলেজে যাঁরা করোনা সংক্রান্ত চিকিৎসার সঙ্গে যুক্ত থাকবেন তাঁদের সাতদিনের জন্য টানা কাজের ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ সাতদিন ধরে চলবে ওয়ার্ক শিডিউল। ডিউটি শেষ হওয়ার পর এই কাজে যুক্ত সমস্ত চিকিৎসক-নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। তবে করোনা ওয়ার্ডে কাজের জন্য নার্সদের যা সরঞ্জাম দেওয়া হয়েছে এবং যেভাবে তাঁদের থাকার ব্যবস্থা করা হয়েছে তা নিয়ে ক্ষুব্ধ নার্সরা।
কয়েকদিন আগে নার্স এবং চতুর্থ শ্রেণির কর্মীদের বিক্ষোভ উত্তাল হয়েছিল বেলেঘাটা আইডি হাসপাতাল। পর্যাপ্ত মাস্ক, স্যানিটাইজার, প্রয়োজনীয় পোশাক এমনকি ক্যান্টিনে ঠিকমত খাবার এবং জল পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেন তাঁরা। এই নিয়ে বেলেঘাটা আইডিতে প্রিন্সিপাল এবং সুপারের ঘর ঘেরাও করে বিক্ষোভ চলে গত মঙ্গলবার। এবার ক্ষুব্ধ মেডিক্যাল কলেজের নার্সরাও।

প্রসঙ্গত, বেলেঘাটা আইডি হাসপাতালের উপর চাপ কমাতে ৩০০ বেডের আইসোলেশনে ওয়ার্ড তৈরি হয়েছে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। সুপার স্পেশ্যালিটি বিল্ডিংয়ের পাশাপাশি নিউ বয়েজ হস্টেলও খালি করে সেখানে আইসোলেশনে ওয়ার্ড তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। স্বাস্থ্য দফতরের আধিকারিকরা জানিয়েছেন সেখানে আরও ৫০০ বেডের ব্যবস্থা করা হবে। তবে প্রাথমিক ভাবে ৩০০ বেডের আইসোলেশন ওয়ার্ড শনিবার থেকে চালু হওয়ার কথা কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে।
রাজ্যে ক্রমশই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এখনও পর্যন্ত বাংলায় কোভিড ১৯-এ আক্রান্ত হয়েছেন ১৫ জন। মৃত্যুও হয়েছে একজনের। শুক্রবার একই পরিবারের পাঁচজন করোনায় আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে রয়েছে একটি ন'মাসের শিশুও।