দ্য ওয়াল ব্যুরো: মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হল বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এক চিকিৎসকের। মৃতের নাম প্রদীপ দত্ত (৪১)। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে বীরভূমের স্বাধীনপুর রেল স্টেশনে। মৃত চিকিৎসক মেডিসিন বিভাগের প্রফেসর ছিলেন বলে জানা গিয়েছে।
রেলপুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রদীপবাবু বীরভূমের মুরারইয়ের একটি চেম্বারে প্র্যাকটিস করতেন। রবিবার রাতে সেখান থেকে বর্ধমান যাওয়ার জন্য ট্রেন ধরতে আসেন রাত এগারোটা নাগাদ। একটি লোকাল ট্রেনে ওঠেন তিনি। ট্রেনটি স্বাধীনপুর রেলস্টেশন এলে তিনি দেখতে পান গৌড় এক্সপ্রেস যাচ্ছে। তবে ট্রেনের গতি কিছুটা আস্তে ছিল বলে জানা গিয়েছে। লোকাল ট্রেন থেকে নেমে চলন্ত গৌড় এক্সপ্রেসে উঠতে গিয়েই লাইনে পড়ে যান ওই চিকিৎসক।
স্বাধীনপুর রেলস্টেশনে গৌড় এক্সপ্রেসের কোনও স্টপেজ ছিলনা। জানা গিয়েছে ট্রেনের পাদানি আর প্ল্যাটফর্মের মাঝের ফাঁকে পা ঢুকে যান ডাক্তারবাবুর। তাঁকে উদ্ধার করে রামপুরহাট সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।