কেষ্টকে কুকুর বললেন দিলীপ, দিদি বললেই সিংহ হয়ে যাব, পাল্টা কেষ্টও
দ্য ওয়াল ব্যুরো, বোলপুর: দুই দলের দুই কথাশিল্পী! বিজেপি-র রাজ্যসভাপতি দিলীপ ঘোষ আর তৃণমূলের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডল। বুধবার বোলপুরে বিজেপি-র কর্মসূচী থেকে ফের ‘বিস্ফোরক বুলি’ শোনা গেল দিলীপবাবুর গলায়। পাল্টা দিলদেন অনুব্রত মণ্ডলও।
শেষ আপডেট: 14 November 2018 13:59
দ্য ওয়াল ব্যুরো, বোলপুর: দুই দলের দুই কথাশিল্পী! বিজেপি-র রাজ্যসভাপতি দিলীপ ঘোষ আর তৃণমূলের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডল। বুধবার বোলপুরে বিজেপি-র কর্মসূচী থেকে ফের ‘বিস্ফোরক বুলি’ শোনা গেল দিলীপবাবুর গলায়। পাল্টা দিলদেন অনুব্রত মণ্ডলও।
এ দিন জেলা বিজেপি একটি মিছিল করে বোলপুরে। মিছিল শেষে সভা থেকে দিলীপ বাবু বলেন, “আপনাদের এই জেলায় এক নেতা আছেন। যিনি শুধু বড় বড় আওয়াজ দেন। কুকুর নিজের এলাকায় নিজেকে সিংহই মনে করে। কিন্তু বাইরে গেলে সব শেষ।” কারও বুঝতে বাকি নেই যে, এই আক্রমণের টার্গেট আসলে অনুব্রত মণ্ডল। সেই সঙ্গে দিলীপ ঘোষের হুঙ্কার, “আমরা সিংহের মতো। সব জায়গায় গিয়ে উঁচু গলায় কথা বলি। জঙ্গলমহল থেকে ডুয়ার্স সব জায়গায় বিজেপি আছে। কেউ আমাদের জয় আটকাতে পারবে না।”
আরও পড়ুন: দীপেন্দুর মায়ের শ্রাদ্ধ, নিমন্ত্রণ পত্র জাল করে শ্রীঘরে তৃণমূল কর্মী
এ দিনের সভা থেকে রাজ্যের নাম বাংলা করারও বিরোধিতা করেন বিজেপি রাজ্য সভাপতি। বলেন, “আমরা চাই পশ্চিমবঙ্গ থাক। তাতে ইতিহাস, সংস্কৃতি, শ্যামাপ্রসাদ সবাই বেঁচে থাকবে।” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে তিনি বলেন, “কিছু অর্বাচীন ও ধান্দাবাজকে নিয়ে উনি বাংলার নাম পাল্টাতে গিয়েছেন নিজের স্বার্থে। পশ্চিম বাংলা তাঁর হাতের উপরে নয়। আমরা পশ্চিমবাংলার নাম পাল্টাতে দেব না।”
কিন্তু বীরভূমের মাটিতে অনুব্রতকে আক্রমণ করে দিলীপ ঘোষ কলকাতায় ফিরে আসবেন আর তিনি চুপ করে দেখবেন? তা কখনও হয়? পাল্টা দিতে ছাড়লেন না কেষ্টও। জানিয়ে দিলেন, “লাভপুরে ঢুকতে পারেনি। বোলপুরে ২৫০ লোক নিয়ে মিছিল করে বড়বড় কথা! দিদি আমায় নির্দেশ দিলেই সিংহ হয়ে যাব। ওঁর এলাকায় গিয়ে বলে আসব।”
আরও পড়ুন: তৃণমূলের ভয়ে কাঁপছে তৃণমূল, ব্লক নেতাদের নিরাপত্তারক্ষী! নারায়ণগড়ে নারদ-নারদ
কখনও তিনি ‘চড়াম চড়াম’ ঢাকের তাল শিখিয়েছেন দলীয় কর্মীদের। কখনও শিখিয়েছেন পরিস্থিতি ঠাণ্ডা করতে ‘গুড় বাতাসার’ কুল-কুল স্ট্র্যাটেজি। ক’দিন আগে কৃষি বিজ্ঞানীর ঢঙে জানিয়েছিলেন কী ভাবে জমিতে চাষ করতে মোটা মোটা পাচনের বাড়ি দিতে হবে। এ বার জানিয়ে দিলেন, দিদি বললে তিনি সিংহও হয়ে যেতে পারেন।